কোন্ মূল্য দিয়া পুনঃ কিনি ভূত কালে, —-কোন্ মূল্য —-এ মন্ত্রণা কারে লয়ে করি? কোন্ ধন, কোন্ মুদ্রা, কোন্ মণি-জালে এ দুর্ল্লভ দ্রব্য-লাভ ? কোন্ দেবে স্মরি, কোন্ যোগে,কোন্ তপে,কোন্ ধর্ম্ম করি? আছে কি এমন জন ব্রাহ্মণে,চণ্ডালে, এ দীক্ষা-শিক্ষার্থে যারে গুরু-পদে বরি, এ তত্ত্ব-স্বরূপ পদ্ম পাই যে মৃণালে?— পশে যে প্রবাহ বহি অকূল সাগরে, ফিরি কি সে আসে পুনঃ পর্ব্বত-সদনে? যে বারির ধারা ধরা সতৃষ্ণায় ধরে, উঠে কি সে পুনঃ কভু বারিদাতা ঘনে?— বর্ত্তমানে তোরে,কাল,যে জন আদরে তার তুই!গেলে তোরে পায় কোন্ জনে?