কে আমারে যেন এনেছে ডাকিয়া,

       এসেছি ভুলে।

তবু একবার চাও মুখপানে

        নয়ন তুলে।

দেখি, ও নয়নে নিমেষের তরে

সেদিনের ছায়া পড়ে কি না পড়ে,

সজল আবেগে আঁখিপাতা দুটি

        পড়ে কি ঢুলে।

ক্ষণেকের তরে ভুল ভাঙায়ো না,

        এসেছি ভুলে।

বেল-কুঁড়ি দুটি করে ফুটি-ফুটি

         অধর খোলা।

মনে পড়ে গেল সেকালের সেই

         কুসুম তোলা।

সেই শুকতারা সেই চোখে চায়,

বাতাস কাহারে খুঁজিয়া বেড়ায়,

উষা না ফুটিতে হাসি ফুটে তার

        গগনমূলে।

সেদিন যে গেছে ভুলে গেছি, তাই

        এসেছি ভুলে।

ব্যথা দিয়ে কবে কথা কয়েছিলে

         পড়ে না মনে,

দূরে থেকে কবে ফিরে গিয়েছিলে

          নাই স্মরণে।

শুধু মনে পড়ে হাসিমুখখানি,

লাজে বাধো-বাধো সোহাগের বাণী,

মনে পড়ে সেই হৃদয়-উছাস

         নয়ন-কূলে।

তুমি যে ভুলেছ ভুলে গেছি, তাই

         এসেছি ভুলে।

কাননের ফুল, এরা তো ভোলে নি,

         আমরা ভুলি?

সেই তো ফুটেছে পাতায় পাতায়

         কামিনীগুলি।

চাঁপা কোথা হতে এনেছে ধরিয়া

অরুণকিরণ কোমল করিয়া,

বকুল ঝরিয়া মরিবারে চায়

         কাহার চুলে?

কেহ ভোলে, কেউ ভোলে না যে, তাই

         এসেছি ভুলে।

এমন করিয়া কেমনে কাটিবে

        মাধবী রাতি?

দখিনে বাতাসে কেহ নেই পাশে

        সাথের সাথি।

চারি দিক হতে বাঁশি শোনা যায়,

সুখে আছে যারা তারা গান গায়–

আকুল বাতাসে, মদির সুবাসে,

        বিকচ ফুলে,

এখনো কি কেঁদে চাহিবে না কেউ

        আসিলে ভুলে?

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

7 days ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

7 days ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

7 days ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

7 days ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago