পূর্বযুগে, ভাগীরথী, তোমার চরণে দিল আনি

                             মর্তের ক্রন্দনবাণী;

                   সঞ্জীবনীতপস্যায় ভগীরথ

                             উত্তরিল দুর্গম পর্বত,

নিয়ে গেল তোমা-কাছে মৃত্যুবন্দী প্রেতের আহ্বান–

                   ডাক দিল, আনো আনো প্রাণ–

          নিবেদিল, হে চৈতন্যস্বরূপিণী তুমি,

                             গৈরিক অঞ্চল তব চুমি

          তৃণে শষ্পে রোমাঞ্চিত হোক মরুতল,

                             ফলহীনে দাও ফল,

          পুষ্পবন্ধ্যালতিকার ঘুচাও ব্যর্থতা,

                   নির্বাক্‌ ভূমির মুখে দাও কথা।

                             তুমি যে প্রাণের ছবি,

                                      হে জাহ্নবী–

          ধরণীর আদিসুপ্তি ভেঙে দিয়ে যেথা যাও চলে

                             জাগ্রত কল্লোলে

          গানে মুখরিয়া উঠে মাটির প্রাঙ্গণ,

                   দুই তীরে জেগে ওঠে বন;

          তট বেয়ে মাথা তোলে নগরনগরী

জীবনের আয়োজনে ভাণ্ডার ঐশ্বর্যে ভরি ভরি।

                   মানুষের মুখ্যভয় মৃত্যুভয়,

                             কেমনে করিবে তারে জয়

                                      নাহি জানে;

                   তাই সে হেরিছে ধ্যানে,

                             মৃত্যুবিজয়ীর জটা হতে

                                      অক্ষয় অমৃতস্রোতে

                                                প্রতিক্ষণে নামিছ ধরায়।

পুণ্যতীর্থতটে সে যে তোমার প্রসাদ পেতে চায়।

          সে ডাকিছে– মিথ্যাশঙ্কা-নাগপাশে ঘুচাও ঘুচাও,

মরণেরে যে কালিমা লেপিয়াছি সে তুমি মুছাও;

                   গম্ভীর অভয়মূর্তি মরণের

          তব কলধ্বনিমাঝে গান ঢেলে দিক তরণের

                   এ জন্মের শেষ ঘাটে;

                             নিরুদ্দেশ যাত্রীর ললাটে

                                      স্পর্শ দিক আশীর্বাদ তব,

          নিক সে নূতন পথে যাত্রার পাথেয় অভিনব;

                   শেষ দণ্ডে ভরে দিক তার কান

অজানা সমুদ্রপথে তব নিত্য-অভিসার-গান।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago