ARTPOET.IN

   বাদলরাত্রি | badolratri

Getting your Trinity Audio player ready...

গান

কী বেদনা মোর জানো সে কি তুমি, জানো,

     ওগো মিতা মোর, অনেক দূরের মিতা–

          আজি এ নিবিড় তিমিরযামিনী

                   বিদ্যুৎ-সচকিতা।

               বাদল বাতাস ব্যেপে

               হৃদয় উঠিছে কেঁপে,

                   ওগো, সে কি তুমি জানো!

     উৎসুক এই দুখজাগরণ,

                   এ কি হবে হায় বৃথা!

     ওগো মিতা মোর, অনেক দূরের মিতা,

          আমার ভবনদ্বারে

          রোপণ করিলে যারে

     সজল হাওয়ার করুণ পরশে

                   সে মালতী বিকশিতা–

                      ওগো, সে কি তুমি জানো।

           তুমি যার সুর দিয়েছিলে বাঁধি

           মোর কোলে আজ উঠিছে সে কাঁদি,

                          ওগো, সে কি তুমি জানো!

           সেই যে তোমার বীণা সেকি বিস্মৃতা,

                ওগো মিতা, মোর অনেক দূরের মিতা!

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top