গোলাপ বলে, ওগো বাতাস, প্রলাপ তোমার বুঝতে কে বা পারে,

                কেন এসে ঘা দিলে মোর দ্বারে?

বাতাস বলে, ওগো গোলাপ, আমার ভাষা বোঝ বা নাই বোঝ,

                আমি জানি কাহার পরশ খোঁজ;

সেই প্রভাতের আলো এল, আমি কেবল ভাঙিয়ে দিলাম ঘুম,

                         হে মোর কুসুম।

 

পাখি বলে, ওগো বাতাস, কী তুমি চাও বুঝিয়ে বলো মোরে,

                কুলায় আমার দুলাও কেন ভোরে?

বাতাস বলে, ওগো পাখি, আমার ভাষা বোঝ বা নাই বোঝ,

                আমি জানি তুমি কারে খোঁজ;

সেই আকাশে জাগল আলো, আমি কেবল দিনু তোমায় আনি

                         সীমাহীনের বাণী।

 

নদী বলে, ওগো বাতাস, বুঝতে নারি কী যে তোমার কথা,

                কিসের লাগি এতই চঞ্চলতা ।

বাতাস বলে, ওগো নদী, আমার ভাষা বোঝ বা নাই বোঝ,

                জানি তোমার বিলয় যেথা খোঁজ;

সেই সাগরের ছন্দ আমি এনে দিলাম তোমার বুকের কাছে,

                         তোমার ঢেউয়ের নাচে।

 

অরণ্য কয়, ওগো বাতাস, নাহি জানি বুঝি কি নাই বুঝি

            তোমার ভাষায় কাহার চরণ পূজি।

বাতাস বলে, হে অরণ্য,আমার ভাষা বোঝ বা নাই বোঝ,

            আমি জানি কাহার মিলন খোঁজ;

সেই বসন্ত এল পথে, আমি কেবল সুর জাগাতে পারি

                 তাহার পূর্ণতারই।

 

শুধায় সবে, ওগো বাতাস, তবে তোমার আপন কথা কী যে–

            বলো মোদের কী চাও তুমি নিজে।

বাতাস বলে, আমি পথিক, আমার ভাষা বোঝ বা নাই বোঝ,

            আমি বুঝি তোমরা কারে খোঁজ;

আমি শুধু যাই চলে আর সেই অজানার আভাস করি দান,

                 আমার শুধু গান।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

💄 মেকআপ নিয়ে মজার বাংলা জোকস

১.বন্ধু: তুই এত মেকআপ করিস কেন?মেয়ে: আত্মবিশ্বাস বাড়ানোর জন্য।বন্ধু: তা আত্মবিশ্বাস বাড়ল?মেয়ে: হ্যাঁ, এখন Face…

12 hours ago

⚽ খেলার জোকস

১. ফুটবল প্রেমমা: সারাদিন শুধু ফুটবল খেলিস কেন?ছেলে: মা, আমি দেশের নাম উজ্জ্বল করব।মা: আগে…

12 hours ago

ফানি জোকস

😄 Joke 1: অনলাইন ক্লাসশিক্ষক: বল তো, পৃথিবী গোল কেন?ছাত্র: স্যার, যদি চৌকো হতো, তাহলে…

12 hours ago

কেদার রাজা

একদুপুর বেলায় নীলমণি চাটুজ্জে বাড়ি ফেরবার পথে গ্রামের মুদির দোকানে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো ছিবাস,…

13 hours ago

দুই বাড়ি

১. রামতারণ চৌধুরীরামতারণ চৌধুরী সকালে উঠিয়া বড় ছেলে নিধুকে বলিলেন—নিধে, একবার হরি বাগদীর কাছে গিয়ে…

2 days ago

অশনি সংকেত

নদীর ঘাটে তালগাছের গুঁড়ি দিয়ে ধাপ তৈরী করা হয়েছে। দুটি স্ত্রীলোক স্নানরতা। একটি স্ত্রীলোক অপেক্ষাকৃত…

3 days ago