রবীন্দ্রনাথ ঠাকুর

বাতাসে অশথপাতা পড়িছে খসিয়া | batase oshothpata porichhe khasiya

বাতাসে অশথপাতা পড়িছে খসিয়া,

বাতাসেতে দেবদারু উঠিছে শ্বসিয়া।

দিবসের পরে বসি রাত্রি মুদে আঁখি,

নীড়েতে বসিয়া যেন পাহাড়ের পাখি।

শ্রান্ত পদে ভ্রমি আমি নগরে নগরে

বিজন অরণ্য দিয়া পর্বতে সাগরে।

উড়িয়া গিয়াছে সেই পাখিটি আমার,

খুঁজিয়া বেড়াই তারে সকল সংসার।

দিন রাত্রি চলিয়াছি, শুধু চলিয়াছি–

        ভুলে যেতে ভুলিয়া গিয়াছি।

আমি যত চলিতেছি রোদ্র বৃষ্টি বায়ে

হৃদয় আমার তত পড়িছে পিছায়ে।

হৃদয় রে, ছাড়াছাড়ি হল তোর সাথে–

এক ভাব রহিল না তোমাতে আমাতে।

নীড় বেঁধেছিনু যেথা যা রে সেইখানে,

একবার ডাক্‌ গিয়ে আকুল পরানে।

কে জানে, হতেও পারে, সে নীড়ের কাছে

হয়তো পাখিটি মোর লুকাইয়ে আছে।

কেঁদে কেঁদে বৃষ্টিজলে আমি ভ্রমিতেছি–

ভুলে যেতে ভুলিয়ে গিয়েছি।

দেশের সবাই জানে কাহিনী আমার।

বলে তারা, “এত প্রেম আছে বা কাহার!’

পাখি সে পলায়ে গেছে কথাটি না ব’লে,

এমন তো সব পাখি উড়ে যায় চলে।

চিরদিন তারা কভু থাকে না সমান

এমন তো কত শত রয়েছে প্রমাণ।

ডাকে আর গায় আর উড়ে যায় পরে,

এ ছাড়া বলো তো তারা আর কী বা করে?

পাখি গেল যার, তার এক দুঃখ আছে–

          ভুলে যেতে ভুলে সে গিয়াছে!

সারা দিন দেখি আমি উড়িতেছে কাক,

সারা রাত শুনি আমি পেচকের ডাক।

চন্দ্র উঠে অস্ত যায় পশ্চিমসাগরে,

        পূরবে তপন উঠে জলদের স্তরে।

পাতা ঝরে, শুভ্র রেণু উড়ে চারি ধার–

বসন্তমুকুল এ কি? অথবা তুষার?

হৃদয়, বিদায় লই এবে তোর কাছে–

বিলম্ব হইয়া গেল, সময় কি আছে?

শান্ত হ’রে, একদিন সুখী হবি তবু–

মরণ সে ভুলে যেতে ভোলে না তো কভু!

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago