মা, যদি তুই আকাশ হতিস,

          আমি চাঁপার গাছ,

তোর সাথে মোর বিনি-কথায়

          হত কথার নাচ।

তোর হাওয়া মোর ডালে ডালে

          কেবল থেকে থেকে

কত রকম নাচন দিয়ে

          আমায় যেত ডেকে।

মা ব’লে তার সাড়া দেব

          কথা কোথায় পাই,

পাতায় পাতায় সাড়া আমার

          নেচে উঠত তাই।

তোর আলো মোর শিশির-ফোঁটায়

          আমার কানে কানে

টলমলিয়ে কী বলত যে

          ঝলমলানির গানে।

আমি তখন ফুটিয়ে দিতেম

          আমার যত কুঁড়ি,

কথা কইতে গিয়ে তারা

          নাচন দিত জুড়ি।

উড়ো মেঘের ছায়াটি তোর

          কোথায় থেকে এসে

আমার ছায়ায় ঘনিয়ে উঠে’

          কোথায় যেত ভেসে।

সেই হত তোর বাদল-বেলার

          রূপকথাটির মতো;

রাজপুত্তুর ঘর ছেড়ে যায়

          পেরিয়ে রাজ্য কত;

সেই আমারে বলে যেত

          কোথায় আলেখ-লতা,

সাগরপারের দৈত্যপুরের

          রাজকন্যার কথা;

দেখতে পেতেম দুয়োরানীর

          চক্ষু ভর-ভর,

শিউরে উঠে পাতা আমার

          কাঁপত থরথর।

হঠাৎ কখন বৃষ্টি তোমার

          হাওয়ার পাছে পাছে

নামত আমার পাতায় পাতায়

          টাপুর-টুপুর নাচে;

সেই হত তোর কাঁদন-সুরে

          রামায়ণের পড়া,

সেই হত তোর গুনগুনিয়ে

          শ্রাবণ-দিনের ছড়া।

মা, তুই হতিস নীলবরনী,

          আমি সবুজ কাঁচা;

তোর হত, মা, আলোর হাসি,

          আমার পাতার নাচা।

তোর হত, মা, উপর থেকে

          নয়ন মেলে চাওয়া,

আমার হত আঁকুবাঁকু

          হাত তুলে গান গাওয়া।

তোর হত, মা চিরকালের

          তারার মণিমালা,

আমার হত দিনে দিনে

          ফুল-ফোটাবার পালা।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

7 days ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

7 days ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

7 days ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

7 days ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago