(১)

 

     সখি রে,—
বন অতি রমিত হইল ফুল ফুটনে!
পিককুল কলকল,          চঞ্চল অলিদল,
                    উছলে সুরবে জল,
                       চল লো বনে!
চল লো, জুড়াব আঁখি দেখি ব্ৰজরমণে!

 

(২)

 

     সখি রে,—
উদয় অচলে ঊষা, দেখ, আসি হাসিছে!
এ বিরহ বিভাবরী           কাটানু ধৈরজ ধরি
                    এবে লো রব কি করি?
                       প্রাণ কাঁদিছে!
চল লো নিকুঞ্জে যথা কুঞ্জমণি নাচিছে!

 

(৩)

 

     সখি রে,—
পূজে ঋতুরাজে আজি ফুলজালে ধরণী!
ধূপরূপে পরিমল,           আমোদিছে বনস্থল,
                    বিহঙ্গমকুলকল,
                       মঙ্গল ধ্বনি!
চল লো, নিকুঞ্জ পূজি শ্যামরাজে, স্বজনি!

 

(৪)

 

     সখি রে,—
পাদ্যরূপে অশ্রুধারা দিয়া ধোব চরণে!
দুই কর কোকনদে,          পূজিব রাজীব পদে;
                    শ্বাসে ধূপ, লো প্রমদে,
                       ভাবিয়া মনে!
কঙ্কণ কিঙ্কিণী ধ্বনি বাজিবে লো সঘনে।

 

(৫)

 

     সখি রে,—
এ যৌবন ধন, দিব উপহার রমণে!
ভালে যে সিন্দূরবিন্দু,          হইবে চন্দনবিন্দু;—
                    দেখিব লো দশ ইন্দু
                       সুনখগণে!
চিরপ্রেম বর মাগি লব, ওলো ললনে!

 

(৬)

 

     সখি রে,—
বন অতি রমিত হইল ফুল ফুটনে!
পিককুল কলকল,          চঞ্চল অলিদল
                    উছলে সুরবে জল,
                       চল লো বনে!
চল লো, জুড়াব আঁখি দেখি—মধুসূদনে!

-মাইকেল মধুসূদন দত্ত

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago