(১)

 

       ফুটিল বকুলকুল কেন লো গোকুলে আজি,
                 কহ তা, স্বজনি?
আইলা কি ঋতুরাজ?         ধরিলা কি ফুলসাজ,
                 বিলাসে ধরণী?
মুছিয়া নয়ন-জল,               চল লো সকলে চল,
       শুনিব তমাল তলে বেণুর সুরব;—
       আইল বসন্ত যদি, আসিবে মাধব!

 

(২)

 

       যে কালে ফুটে লো ফুল, কোকিল কুহরে, সই,
                 কুসুমকাননে,
মুঞ্জরয়ে তরুবলী,               গুঞ্জরয়ে সুখে অলি,
                 প্রেমানন্দ মনে,
সে কালে কি বিনোদিয়া,   প্রেমে জলাঞ্জলি দিয়া,
       ভুলিতে পারেন, সখি, গোকুলভবন?
       চল লো নিকুঞ্জবনে পাইব সে ধন!

 

(৩)

 

       স্বন, স্বন, স্বনে শুন, বহিছে পবন, সই,
                 গহন কাননে,
হেরি শ্যামে পাই প্ৰীত,            গাইছে মঙ্গল গীত,
                 বিহঙ্গমগণে!
কুবলয় পরিমল,             নহে এ ; স্বজনি, চল,—
       ও সুগন্ধ দেহগন্ধ বহিছে পবন।
       হায় লো, শ্যামের বপুঃ সৌরভসদন!

 

(৪)

 

       উচ্চ বীচি রবে, শুন, ডাকিছে যমুনা ওই
                 রাধায়, স্বজনি;
কল কল কল কলে,                সুতরঙ্গ দল চলে,
                 যথা গুণমণি।
সুধাকর-কররাশি              সম লো শ্যামের হাসি,
       শোভিছে তরল জলে; চল, ত্বরা করি—
       ভুলি গে বিরহ-জ্বালা হেরি প্রাণহরি!

 

(৫)

 

       ভ্রমর গুঞ্জরে যথা ; গায় পিকবর, সই,
                 সুমধুর বোলে;
মরমরে পাতাদল;                   মৃদুরবে বহে জল
                 মলয় হিল্লোলে;—
কুসুম-যুবতী হাসে,          মোদি দশ দিশ বাসে,—
       কি সুখ লভিব, সখি, দেখ ভাবি মনে,
       পাই যদি হেন স্থলে গোকুলরতনে?

 

(৬)

 

       কেন এ বিলম্ব আজি, কহ ওলো সহচরি,
                 করি এ মিনতি?
কেন অধোমুখে কাঁদ,               আবরি বদনচাঁদ,
                 কহ, রূপবতি?
সদা মোর সুখে সুখী,           তুমি ওলো বিধুমুখি,
       আজি লো এ রীতি তব কিসের কারণে?
       কে বিলম্বে হেন কালে? চল কুঞ্জবনে!

 

(৭)

 

       কাঁদিব লো সহচরি, ধরি সে কমলপদ,
                 চল, ত্বরা করি,
দেখিব কি মিষ্ট হাসে,          শুনিব কি মিষ্ট ভাষে,
                 তোষেন শ্রীহরি
দুঃখিনী দাসীরে; চল,              হইমু লো হতবল,
       ধীরে ধীরে ধরি মোরে, চল লো স্বজনি ;–
       সুধে—মধু শূন্য কুঞ্জে কি কাজ, রমণি?

-মাইকেল মধুসূদন দত্ত

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

7 days ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

7 days ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

7 days ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

7 days ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago