বর্ষ গেল বর্ষ এল গ্রীষ্ম এলেন বাড়ি- পৃথ্বী এলেন চক্র দিয়ে এক বছরের পাড়ি । সত্যিকারের এই পৃথিবীর বয়স কেবা জানে, লক্ষ হাজার বছর ধরে চল্ছে একই টানে । আপন তালে আকাশ পথে আপনি চলে বেগে, গ্রীষ্মকালের তপ্তরোদে বর্ষাকালের মেঘে, শরৎকালের কান্নাহাসি হাল্কা বাদল হাওয়া, কুয়াশা-ঘেরা পর্দা ফেলে হিমের আসা যাওয়া- শীতের শেষে রিক্ত বেশে শূন্য করে ঝুলি, তার প্রতিশোধ ফুলে ফলে বসন্তে লয় তুলি । না জানি কোন নেশার ঝোঁকে যুগযুগান্ত ধরে, ছয়টি ঋতু দ্বারে দ্বারে পাগল হয়ে ঘোরে ! না জানি কোন ঘূর্ণীপাকে দিনের পর দিন, এমন ক’রে ঘোরায় তারে নিদ্রাবিরামহীন ! কাঁটায় কাঁটায় নিয়ম রাখে লক্ষযুগের প্রথা, না জানি তার চাল চলনের হিসাব রাখে কোথা !