বর্ষাপ্রভাত | borshaprobhat Getting your Trinity Audio player ready... ওগো, এমন সোনার মায়াখানি কে যে গড়েছে! মেঘ টুটে আজ প্রভাত-আলো ফুটে পড়েছে। বাতাস কাহার সোহাগ মাগে, গাছে-পালায় চমক লাগে, হৃদয় আমার বিভাস রাগে কী গান ধরেছে! আজ বিশ্বদেবীর দ্বারের কাছে কোন্ সে ভিখারী ভোরের বেলা দাঁড়িয়েছিল দু হাত বিথারি– আঁজল ভরে সোনা দিতে ছাপিয়ে পড়ে চারি ভিতে, লুটিয়ে গেল পৃথিবীতে, এ কী নেহারি! ওগো, পারিজাতের কুঞ্জবনে স্বর্গপুরীতে মৌমাছিরা লেগেছিল মধু-চুরিতে– আজ প্রভাতে একেবারে ভেঙেছে চাক সুধার ভারে, সোনার মধু লক্ষ ধারে লাগে ঝুরিতে। আজ সকাল হতেই খবর এল লক্ষ্মী একেলা অরুণরাগে পাতবে আসন প্রভাতবেলা– শুনে দিগ্বিদিকে টুটে আলোর পদ্ম উঠল ফুটে, বিশ্বহৃদয়মধুপ জুটে করেছে মেলা। ওকি সুরপুরীর পর্দাখানি নীরবে খুলে ইন্দ্রাণী আজ দাঁড়িয়ে আছেন জানালা-মূলে– কে জানে গো কী উল্লাসে হেরেন ধরা মধুর হাসে, আঁচলখানি নীলাকাশে পড়েছে দুলে। ওগো, কাহারে আজ জানাই আমি কী আছে ভাষা– আকাশপানে চেয়ে আমার মিটেছে আশা। হৃদয় আমার গেছে ভেসে চাই-নে-কিছু’র স্বর্গ-শেষে, ঘুচে গেছে এক নিমেষে সকল পিপাসা।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 224