পরির পাশে পরির বোন,
দাঁড়িয়ে আছে কতক্ষণ।

 

জ্বর থেকে তো উঠল কাল,
রোদের তাপে মুখটি লাল।

 

লম্বা লাইন ইস্কুলের,
দাও দারোয়ান গেট খুলে।

 

পরির পাশে পরির মা-ও,
বলছে, ঠাকুর রোদ কমাও,

 

আবার অসুখ করবে ওর
নষ্ট হবে একবছর।

 

বয়স কত ? বয়ঃক্রম ?
সেসব ভাবার সময় কম।

 

ভর্তি হবার জন্য আজ,
টেষ্টে বসাই পরির কাজ।

 

পরি তো নয়, পরির বোন,
পাঁচ বছরের কম এখন।

 

এদিক তাকায়, ওদিক চায়;
গোরু বসছে গাছতলায়

 

একটা কুকুর দৌড়ে যায়,
ট্যাক্সি গাড়ি পাশ কাটায়

 

গাড়ি থামায় নীল পুলিশ…
কী ভাবছিস রে ? কী ভাবছিস ?

 

এ বি সি ডি, ওয়ান টু আর
ভুল করিস না, খবরদার !

 

ভুল করিস না লক্ষ্মীটি,
‘ছি’ দেবে কাকপক্ষিটি।

 

ভুল করিস না, ধরছি পা’য়
মা কী করে মুখ দেখায়।

 

না যদি পাস অ্যাডমিশন,
কোন চুলোতে যাই তখন।

 

পাশের বাড়ির বাপটুও,
দেখবি কেমন দেয় দুয়ো।

 

চায় না তো মা আর কিছুই,
নম্বর চায়-আনবি তুই।

 

নাম হবে তোর খুব বড়,
নামের পাশে নম্বরও

 

বাড়তে বাড়তে সাতশো মন,
না হবে তোর যতক্ষণ

 

দাঁড়িয়ে থাকবি, দাঁড়িয়ে থাক,
লাল সাদা আর নীল পোশাক।

 

পরির দিদি, পরির বোন
কতক্ষণ আর কতক্ষণ

 

ওই খুলেছে, ওই তো, চল,
রোদ পোড়া সব পরির দল

 

টুম্পি, টিমা, মম, টোকাই
মাথায় মাথায় পিন ঢোকাই।

 

ফুটকড়াই, ফুটকড়াই,
ঠিক ডাটা ঠিক ফিড করাই।

 

ব্যস, হয়েছে প্রোগ্রামিং,
তিড়িং বিড়িং তিড়িং বিং

 

বন্ধ এখন, জোর সে চল,
কোর্সে কোর্সে এগিয়ে চল

 

ঊর্ধ গগনে বাজে মাদল
মাথার ওপর যাঁতার কল
ফুটফুটে সব ছাত্রীদল
ছাত্রদল
চল রে চল
এই তো চাই, ফুটকড়াই।

– জয় গোস্বামী

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago