পরবাসী চলে এসো ঘরে

           অনুকূল সমীরণভরে।

                 বারে বারে শুভদিন

                 ফিরে গেল অর্থহীন,

           চেয়ে আছে সবে তোমা-তরে

                 ফিরে এসো ঘরে।

           আকাশে আকাশে আয়োজন,

           বাতাসে বাতাসে আমন্ত্রণ।

                 বন ভরা ফুলে ফুলে,

                 এসো এসো, লহো তুলে,

                       উঠে ডাক মর্মরে মর্মরে।

           ফসলে ঢাকিয়া যায় মাটি,

           তুমি কি লবে না তাহা কাটি।

                 ওই দেখো কতবার

                 হল খেয়া পারাপার,

                     সারিগান উঠিল অম্বরে।

           কোথা যাবে সে কি জানা নাই।

           যেথা আছ ঘর সেখানেই।

           মন যে দিল না সাড়া,

           তাই তুমি গৃহছাড়া,

               পরবাসী বাহিরে অন্তরে।

           আঙিনায় আঁকা আলিপনা,

           আঁখি তব চেয়ে দেখিল না।

                 মিলনঘরের বাতি

                 জ্বলে অনিমেষভাতি

                     সারারাতি জানালার ‘পরে।

           বাঁশি পড়ে আছে তরুমূলে,

           আজ তুমি আছ তারে ভুলে।

                 কোনোখানে সুর নাই,

                 আপন ভুবনে তাই

                     কাছে থেকে আছ দূরান্তরে।

           এসো এসো মাটির উৎসবে

           দক্ষিণবায়ুর বেণুরবে।

                 পাখির প্রভাতীগানে,

                 এসো এসো পুণ্যস্নানে

                     আলোকের অমৃতনির্ঝরে।

           ফিরে এসো তুমি উদাসীন,

           ফিরে এসো তুমি দিশাহীন।

                 প্রিয়েরে বরিতে হবে,

                 বরমাল্য আনো তবে,

                   দক্ষিণা দক্ষিণ তব করে।

           দুঃখ আছে অপেক্ষিয়া দ্বারে,

           বীর তুমি বক্ষে লহো তারে।

           পথের কণ্টক দলি

           ক্ষতপদে এসো চলি

               ঝটিকার মেঘমন্দ্রস্বরে।

           বেদনার অর্ঘ্য দিয়ে, তবে

           ঘর তব আপনার হবে।

                 তুফান তুলিবে কূলে,

                 কাঁটাও ভরিবে ফুলে,

                     উৎসধারা ঝরিবে প্রস্তরে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago