বিদেশে ওই সৌধশিখর-‘পরে

ক্ষণকালের তরে

পথ হতে যে দেখেছিলেম, ওগো আধেক-দেখা

মনে হল তুমি অসীম একা

দাঁড়িয়েছিলে যেন আমার একটি বিজন খনে

আর কিছু নাই সেথায় ত্রিভুবনে।

সামনে তোমার মুক্ত আকাশ, অরণ্যতল নীচে,

ক্ষণে ক্ষণে ঝাউয়ের শাখা প্রলাপ মর্মরিছে।

                                      মুখ দেখা না যায়,

                             পিঠের ‘পরে বেণীটি লুটায়।

          থামের পাশে হেলান-দেওয়া ঈষৎ দেখি আধখানি ওই দেহ,

                             অসম্পূর্ণ কয়টি রেখায় কী যেন সন্দেহ।

                   বন্দিনী কি ভোগের কারাগারে,

          ভাবনা তোমার উড়ে চলে দূর দিগন্তপারে?

            সোনার বরন শস্যখেতে, কোন্‌-সে নদীতীরে

                   পূজারীদের চলার পথে, উচ্চচূড়া দেবতামন্দিরে

                             তোমার চিরপরিচিত প্রভাত-আলোখানি,

                   তারি স্মৃতি চক্ষে তোমার জল কি দিল আনি।

                                      কিম্বা তুমি রাজেন্দ্রসোহাগী,

                   সেই বহুবল্লভের প্রেমে দ্বিধার দুঃখ হৃদয়ে রয় জাগি,

প্রশ্ন কি তাই শুধাও নক্ষত্রেরে

সপ্তঋষির কাছে তোমার প্রণামখানি সেরে।

              হয়তো বৃথাই সাজ,

তৃপ্তিবিহীন চিত্ততলে তৃষ্ণা-অনল দহন করে আজও;

          তাই কি শূন্য আকাশ-পানে চাও,

              উপেক্ষিত যৌবনেরি ধিক্কার জানাও?

                   কিম্বা আছ চেয়ে

        আসবে সে কোন্‌ দুঃসাহসী গোপন পন্থা বেয়ে,

                   বক্ষ তোমার দোলে,

              রক্ত নাচে ত্রাসের উতরোলে।

     স্তব্ধ আছে তরুশ্রেণী মরণছায়া ঢাকা,

          শূন্যে ওড়ে অদৃশ্য কোন্‌ পাখা।

আমি পথিক যাব-যে কোন্‌ দূরে;

          তুমি রাজার পুরে

             মাঝে মাঝে কাজের অবসরে

          বাহির হয়ে আসবে হোথায় ওই অলিন্দ-‘পরে,

        দেখবে চেয়ে অকারণে স্তব্ধ নেত্রপাতে

                        গোধূলিবেলাতে

             বনের সবুজ তরঙ্গ পারায়ে

     নদীর প্রান্তরেখায় যে পথ গিয়েছে হারায়ে।

              তোমার ইচ্ছা চলবে কল্পনাতে

          সুদূর পথে আভাসরূপী সেই অজানার সাথে

             পান্থ যে জন নিত্য চলে যায়।

              আমি পথিক হায়,

     পিছন-পানে এই বিদেশের সুদূর সৌধশিরে

              ইচ্ছা আমার পাঠাই ফিরে ফিরে

   ছায়ায়-ঢাকা আধেক-দেখা তোমার বাতায়নে,

যে মুখ তোমার লুকিয়ে ছিল সে মুখ আঁকি মনে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago