চারি দিকে কেহ নাই, একা ভাঙা বাড়ি,

  সন্ধ্যে বেলা ছাদে বসে ডাকিতেছে কাক।

নিবিড় আঁধার, মুখ বাড়ায়ে রয়েছে

  যেথা আছে ভাঙা ভাঙা প্রাচীরের ফাঁক।

পড়েছে সন্ধ্যার ছায়া অশথের গাছে,

  থেকে থেকে শাখা তার উঠিছে নড়িয়া।

ভগ্ন শুষ্ক দীর্ঘ এক দেবদারু তরু

  হেলিয়া ভিত্তির ‘পরে রয়েছে পড়িয়া।

আকাশেতে উঠিয়াছে আধখানি চাঁদ,

  তাকায় চাঁদের পানে গৃহের আঁধার।

প্রাঙ্গণে করিয়া মেলা উর্ধ্বমুখ হয়ে

  চন্দ্রালোকে শৃগালেরা করিছে চীৎকার।

 

শুধাই রে, ওই তোর ঘোর স্তব্ধ ঘরে

  কখনো কি হয়েছিল বিবাহ-উৎসব?

কোনো রজনীতে কি রে ফুল্ল দীপালোকে

  উঠেছিল প্রমোদের নৃত্যগীত রব?

হোথায় কি প্রতি দিন সন্ধ্যা হয়ে এলে

  তরুণীরা সন্ধ্যাদীপ জ্বালাইয়া দিত?

মায়ের কোলেতে শুয়ে চাঁদেরে দেখিয়া

  শিশুটি তুলিয়া হাত ধরিতে চাহিত?

বালকেরা বেড়াত কি কোলাহল করি?

  আঙিনায় খেলিত কি কোনো ভাইবোন?

মিলে মিশে স্নেহে প্রেমে আনন্দে উল্লাসে

  প্রতিদিবসের কাজ হত সমাপন?

কোন্‌ ঘরে কে ছিল রে! সে কি মনে আছে?

  কোথায় হাসিত বধূ শরমের হাস–

বিরহিণী কোন্‌ ঘরে কোন্‌ বাতায়নে

  রজনীতে একা বসে ফেলিত নিশ্বাস?

যেদিন শিয়রে তোর অশথের গাছ

  নিশীথের বাতাসেতে করে মর্‌ মর্‌,

ভাঙা জানালার কাছে পশে অতি ধীরে

  জাহ্নবীর তরঙ্গের দূর কলস্বর–

সে রাত্রে কি তাদের আবার পড়ে মনে

  সেই সব ছেলেদের সেই কচি মুখ–

কত স্নেহময়ী মাতা তরুণ তরুণী

  কত নিমেষের কত ক্ষুদ্র সুখ দুখ?

মনে পড়ে সেই সব হাসি আর গান–

  মনে পড়ে–কোথা তারা, সব অবসান!

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পেয়ালা

সামান্য জিনিস। আনা তিনেক দামের কলাই-করা চায়ের ডিশ-পেয়ালা।যেদিন প্রথম আমাদের বাড়ি ওটা ঢুকল, সেদিনের কথা…

6 days ago

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

3 weeks ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

3 weeks ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

3 weeks ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

3 weeks ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

3 weeks ago