খেলাধুলো সব রহিল পড়িয়া,

            ছুটে চ’লে আসে মেয়ে–

বলে তাড়াতাড়ি, “ওমা, দেখ্‌ দেখ্‌,

            কী এনেছি দেখ্‌ চেয়ে।’

আঁখির পাতায় হাসি চমকায়,

            ঠোঁটে নেচে ওঠে হাসি–

হয়ে যায় ভুল, বাঁধে নাকো চুল,

            খুলে পড়ে কেশরাশি।

দুটি হাত তার ঘিরিয়া ঘিরিয়া

            রাঙা চুড়ি কয়গাছি,

করতালি পেয়ে বেজে ওঠে তারা;

            কেঁপে ওঠে তারা নাচি।

মায়ের গলায় বাহু দুটি বেঁধে

            কোলে এসে বসে মেয়ে।

বলে তাড়াতাড়ি, “ওমা, দেখ্‌ দেখ্‌,

            কী এনেছি দেখ্‌ চেয়ে।’

সোনালি রঙের পাখির পালক

            ধোওয়া সে সোনার স্রোতে–

খসে এল যেন তরুণ আলোক

            অরুণের পাখা হতে।

নয়ন-ঢুলানো কোমল পরশ

            ঘুমের পরশ যথা —

মাখা যেন তায় মেঘের কাহিনী,

            নীল আকাশের কথা।

ছোটোখাটো নীড়, শাবকের ভিড়,

            কতমত কলরব,

প্রভাতের সুখ, উড়িবার আশা–

           মনে পড়ে যেন সব।

লয়ে সে পালক কপোলে বুলায়,

           আঁখিতে বুলায় মেয়ে,

বলে হেসে হেসে, “ওমা, দেখ্‌ দেখ্‌,

           কী এনেছি দেখ্‌ চেয়ে।’

  

মা দেখিল চেয়ে, কহিল হাসিয়ে,

           “কিবা জিনিসের ছিরি!’

ভূমিতে ফেলিয়া গেল সে চলিয়া,

           আর না চাহিল ফিরি।

মেয়েটির মুখে কথা না ফুটিল,

           মাটিতে রহিল বসি।

শূন্য হতে যেন পাখির পালক

           ভূতলে পড়িল খসি।

খেলাধুলো তার হল নাকো আর,

           হাসি মিলাইল মুখে,

ধীরে ধীরে শেষে দুটি ফোঁটা জল

           দেখা দিল দুটি চোখে।

পালকটি লয়ে রাখিল লুকায়ে

           গোপনের ধন তার —

আপনি খেলিত, আপনি তুলিত,

           দেখাত না কারে আর।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago