পাঁচিলের এধারে

ফুলকাটা চিনের টবে

সাজানো গাছ সুসংযত।

ফুলের কেয়ারিতে

কাঁচিছাঁটা বেগনি গাছের পাড়।

পাঁচিলের গায়ে গায়ে

বন্দী-করা লতা।

এরা সব হাসে মধুর করে,

উচ্চহাস্য নেই এখানে;

হাওয়ায় করে দোলাদুলি

কিন্তু জায়গা নেই দুরন্ত নাচের,

এরা আভিজাত্যের সুশাসনে বাঁধা।

বাগানটাকে দেখে মনে হয়

মোগল বাদশার জেনেনা,

রাজ-আদরে অলংকৃত,

কিন্তু পাহারা চারদিকে,

চরের দৃষ্টি আছে ব্যবহারের প্রতি।

পাঁচিলের ওপারে দেখা যায়

একটি সুদীর্ঘ য়ুকলিপটাস

খাড়া উঠেছে ঊর্ধ্বে।

পাশেই দুটি তিনটি সোনাঝুরি

প্রচুর পল্লবে প্রগল্‌ভ।

নীল আকাশ অবারিত বিস্তীর্ণ

ওদের মাথার উপরে।

অনেকদিন দেখেছি অন্যমনে,

আজ হঠাৎ চোখে পড়ল

ওদের সমুন্নত স্বাধীনতা,

দেখলেম, সৌন্দর্যের মর্যাদা

আপন মুক্তিতে।

ওরা ব্রাত্য, আচারমুক্ত, ওরা সহজ;

সংযম আছে ওদের মজ্জার মধ্যে

বাইরে নেই শৃঙ্খলার বাঁধাবাঁধি।

ওদের আছে শাখার দোলন

দীর্ঘ লয়ে;

পল্লবগুচ্ছ নানা খেয়ালের;

মর্মরধ্বনি হাওয়ায় ছড়ানো।

আমার মনে লাগল ওদের ইঙ্গিত;

বললেম, “টবের কবিতাকে

রোপণ করব মাটিতে,

ওদের ডালপালা যথেচ্ছ ছড়াতে দেব

বেড়াভাঙা ছন্দের অরণ্যে।”

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago