পথের নেশা আমায় লেগেছিল,

               পথ আমারে দিয়েছিল ডাক–

       সূর্য তখন পূর্বগগনমূলে,

       নৌকা তখন বাঁধা নদীর কূলে,

       শিশির তখন শুকায় নিকো ফুলে,

               শিবালয়ে উঠল বেজে শাঁখ।

       পথের নেশা তখন  লেগেছিল,

               পথ আমারে দিয়েছিল ডাক।

       আঁকাবাঁকা রাঙা মাটির লেখা

               ঘরছাড়া ওই নানা দেশের পথ–

       প্রভাত-কালে অপার-পানে চেয়ে

       কী মোহগান উঠতেছিল গেয়ে,

       উদার সুরে ফেলতেছিল ছেয়ে

               বহুদূরের অরণ্য পর্বত।

নানা দিনের নানা-পথিক-চলা

               ঘরছাড়া ওই নানা দেশের পথ।

       ভাবি নাইকো কেন কিসের লাগি

               ছুটে চলে এলেম পথের ‘পরে।

       নিত্য কেবল এগিয়ে চলার সুখ,

       বাহির হওয়ার অনন্ত কৌতুক,

       প্রতি পদেই অন্তর উৎসুক

               অজানা কোন্‌ নিরুদ্দেশের তরে।

       ভোরের বেলা দুয়ার খুলে দিয়ে

               বাহির হয়ে এলেম পথের ‘পরে।

       বেলা এখন অনেক হয়ে গেছে,

               পেরিয়ে চলে এলেম বহু দূর।

       ভেবেছিলেম পথের বাঁকে বাঁকে

       নব নব ভাগ্য আমায় ডাকে,

       হঠাৎ যেন দেখতে পাব কাকে,

               শুনতে যেন পাব নূতন সুর।

       তার পরে তো অনেক বেলা হল,

               পেরিয়ে চলে এলেম বহু দূর।

       অনেক দেখে ক্লান্ত এখন প্রাণ,

               ছেড়েছি সব অকস্মাতের আশা।

       এখন কেবল একটি পেলেই বাঁচি,

       এসেছি তাই ঘাটের কাছাকাছি–

       এখন শুধু আকুল মনে যাচি

               তোমার পারে খেয়ার তরী ভাসা।

       জেনেছি আজ চলেছি কার লাগি

               ছেড়েছি সব অকস্মাতের আশা।

  – রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago