রবীন্দ্রনাথ ঠাকুর

পড়েছি আজ রেখার মায়ায় | porechhi aj rekhar mayay

শ্রীযুক্ত সুধীন্দ্রনাথ দত্ত কল্যাণীয়েষু

 

      ১

পড়েছি আজ রেখার মায়ায়।

কথা ধনীঘরের মেয়ে,

অর্থ আনে সঙ্গে করে,

মুখরার মন রাখতে চিন্তা করতে হয় বিস্তর।

রেখা অপ্রগল্‌ভা, অর্থহীনা,

তার সঙ্গে আমার যে ব্যবহার সবই নিরর্থক।

গাছের শাখায় ফুল ফোটানো ফল ধরানো,

সে কাজে আছে দায়িত্ব;

গাছের তলায় আলোছায়ার নাট-বসানো

সে আর-এক কাণ্ড।

সেইখানেই শুকনো পাতা ছড়িয়ে পড়ে,

প্রজাপতি উড়তে থাকে,

জোনাকি ঝিকমিক করে রাতের বেলা।

বনের আসরে এরা সব রেখা-বাহন

হাল্কা চালের দল,

কারো কাছে জবাবদিহি নেই।

কথা আমাকে প্রশ্রয় দেয় না, তার কঠিন শাসন;

রেখা আমার যথেচ্ছাচারে হাসে,

তর্জনী তোলে না।

কাজকর্ম পড়ে থাকে, চিঠিপত্র হারিয়ে ফেলি,

ফাঁক পেলেই ছুটে যাই রূপ-ফলানোর অন্দরমহলে।

এমনি করে, মনের মধ্যে

অনেকদিনের যে-লক্ষ্মীছাড়া লুকিয়ে আছে

তার সাহস গেছে বেড়ে।

সে আঁকছে, ভাবছে না সংসারের ভালোমন্দ,

গ্রাহ্য করে না লোকমুখের নিন্দাপ্রশংসা।

 

মনটা আছে আরামে।

আমার ছবি-আঁকা কলমের মুখে

খ্যাতির লাগাম পড়েনি।

নামটা আমার খুশির উপরে

সর্দারি করতে আসেনি এখনো,

ছবি-আঁকার বুক জুড়ে

আগেভাগে নিজের আসনটা বিছিয়ে বসেনি;

ঠেলা দিয়ে দিয়ে বলছে না

“নাম রক্ষা ক’রো।”

অথচ ঐ নামটা নিজের মোটা শরীর নিয়ে

স্বয়ং কোনো কাজই করে না।

সব কীর্তির মুখ্য ভাগটা আদায় করবার জন্যে

দেউড়িতে বসিয়ে রাখে পেয়াদা;

হাজার মনিবের পিণ্ড-পাকানো

ফরমাশটাকে বেদী বানিয়ে স্তূপাকার ক’রে রাখে

কাজের ঠিক সামনে।

এখনো সেই নামটা অবজ্ঞা করেই রয়েছে  অনুপস্থিত;–

আমার তুলি আছে মুক্ত

যেমন মুক্ত আজ ঋতুরাজের লেখনী।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago