(১)

 

          যমুনা পুলিনে আমি ভ্রমি একাকিনী,
                    হে নিকুঞ্জবন,
না পাইয়া ব্রজেশ্বরে,              আইনু হেথা সত্বরে,
          হে সখে, দেখাও মোরে ব্রজের রঞ্জন!
সুধাংশু সুধার হেতু,            বাঁধিয়ে আশার সেতু,
          কুমুদীর মনঃ যতা উঠে গো গগনে,
হেরিতে মুরলীধর—             রূপে যিনি শশধর—
          আসিয়াছি আমি দাসী তোমার সদনে—
তুমি হে অম্বর, কুঞ্জবর, তব চাঁদ নন্দের নন্দন!

 

(২)

 

          তুমি জান কত ভাল বাসি শ্যামধনে
                    আমি অভাগিনী;
তুমি জান, সুভাজন,             হে কুঞ্জকুল রাজন,
          এ দাসীরে কত ভাল বাসিতেন তিনি!
তোমার কুসুমালয়ে           যবে গো অতিথি হয়ে,
          বাজায়ে বাঁশরী ব্রজ মোহিত মোহন,
তুমি জান কোন ধনী            শুনি সে মধুর ধ্বনি,
          অমনি আসি সেবিত ও রাঙা চরণ,
যথা শুনি জলদ-নিনাদ ধায় রড়ে প্রমদা শিখিনী।

 

(৩)

 

          সে কালে—জ্বলে রে মনঃ স্মরিলে সে কথা,
                    মঞ্জু কুঞ্জবন,—
ছায়া তব সহচরী                সোহাগে বসাতো ধরি
          মাধবে অধীনী সহ পাতি ফুলাসন;
মুঞ্জরিত তরুবলী,                গুঞ্জরিত যত অলি,
          কুসুম-কামিনী তুলি ঘোমটা অমনি,
মলয়ে সৌরভধন                    বিতরিত অনুক্ষণ,
দাতা যথা রাজেন্দ্রনন্দিনী—গন্ধামোদে মোদিয়া কানন!

 

(৪)

 

          পঞ্চস্বরে কত যে গাইত পিকবর
                    মদন-কীর্ত্তন,—
হেরি মম শ্যাম-ধন                 ভাবি তারে নবঘন,
          কত যে নাচিত সুখে শিখিনী, কানন,—
ভুলিতে কি পারি তাহা,     দেখেছি শুনেছি যাহা?
          রয়েছে সে সব লেখা রাধিকার মনে।
নলিনী ভুলিবে যবে             রবি-দেবে, রাধা তবে
          ভুলিবে, হে মঞ্জু কুঞ্জ, ব্রজের রঞ্জনে।
হায় রে, কে জানে যদি ভুলি যবে আসি গ্রাসিবে শমন।

 

(৫)

 

          কহ, সখে, জান যদি কোথা গুণমণি—
                    রাধিকারমণ?
কাম-বঁধু যথা মধু                 তুমি হে শ্যামের বঁধু
          একাকী আজি গো তুমি কিসের কারণ,—
          হে বসন্ত, কোথা আজি তোমার মদন?
তব পদে বিলাপিনী          কাঁদি আমি অভাগিনী,
          কোথা মম শ্যামমণি—কহ কুঞ্জবর!
তোমার হৃদয় দয়া,              পদ্মে যথা পদ্মালয়া,
          বধো না রাধার প্রাণ না দিয়া উত্তর!
মধু কহে, শুন ব্রজাঙ্গনে, মধুপুরে শ্রীমধুসূদন!

-মাইকেল মধুসূদন দত্ত

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

সীতারাম

সীতারামপ্রথম খণ্ডদিবা-গৃহিণীপ্রথম পরিচ্ছেদপূর্বকালে, পূর্ববাঙ্গালায় ভূষণা নামে এক নগরী ছিল। এখন উহার “ভূষ্য‍ণো |” যখন কলিকাতা…

5 hours ago

দেবী চৌধুরাণী

দেবী চৌধুরাণী – ১ম খণ্ডপ্রথম খণ্ডপ্রথম পরিচ্ছেদ“ও পি–ও পিপি–ও প্রফুল্ল–ও পোড়ারমুখী ।”“যাই মা ।”মা ডাকিল–মেয়ে…

5 hours ago

আনন্দমঠ

আনন্দমঠ – ১ম খণ্ডপ্রথম পরিচ্ছেদ১১৭৬ সালে গ্রীষ্মকালে এক দিন পদচিহ্ন গ্রামে রৌদ্রের উত্তাপ বড় প্রবল।…

6 hours ago

রাজসিংহ

প্রথম খণ্ডচিত্রে চরণপ্রথম পরিচ্ছেদ : তসবিরওয়ালীরাজস্থানের পার্‍বত্যপ্রদেশে রূপনগর নামে একটি ক্ষুদ্র রাজ্য ছিল। রাজ্য ক্ষুদ্র…

6 days ago

কৃষ্ণকান্তের উইল

প্রথম পরিচ্ছেদহরিদ্রাগ্রামে এক ঘর বড় জমীদার ছিলেন। জমীদার বাবুর নাম কৃষ্ণকান্ত রায়। কৃষ্ণকান্ত রায় বড়…

6 days ago

রজনী

রজনীপ্রথম খণ্ডরজনীর কথাপ্রথম পরিচ্ছেদতোমাদের সুখদু:খে আমার সুখদু:খ পরিমিত হইতে পারে না। তোমরা আর আমি ভিন্নপ্রকৃতি।…

6 days ago