দুর্যোগ আসি টানে যবে ফাঁসি

       কর্মে জড়ায় গ্রন্থি,

মন্থর দিন পাথেয়বিহীন

       দীর্ঘ পথের পন্থী;

নির্দয়তম নিন্দার হাস,

         নির্মমতম দৈব,

শূন্যে শূন্যে হতাশ বাতাস

         ফুকারে “নৈব নৈব’–

হঠাৎ তখন কহে মোরে মন,

         “মিথ্যে, এ-সব মিথ্যে,

প্রাণে যদি রয় গান অক্ষয়

         সুর যদি রয় চিত্তে।’

চৌদিক করে যুদ্ধঘোষণ,

         দুর্গম হয় পন্থা,

চিন্তায় করে রক্ত শোষণ

         প্রখর-নখরদন্তা,

নিরানন্দের ঘিরি রহে ঘের,

 

 

         নাই জীবনের সঙ্গী,

দৈন্য কুরূপ করে বিদ্রূপ

         ব্যঙ্গের মুখভঙ্গি–

মন বলে, “নাই ভাবনা কিছুই

         মিথ্যে, এ-সব মিথ্যে,

অন্তর-মাঝে চিরধনী তুই

         অন্তবিহীন বিত্তে।’

ভাষাহীন দিন কুয়াশাবিলীন–

         মলিন উষার স্বর্ণ,

কল্পনা যত বাদুড়ের মতো

         রাতে ওড়ে কালো বর্ণ;

আবর্জনার অচলপুঞ্জে

         যাত্রার পথ রুদ্ধ,

রিক্তকুসুম শুষ্ক কুঞ্জে

         বৈশাখ রহে ক্রুদ্ধ–

মন মোরে কয়, “এ কিছুই নয়,

      মিথ্যে, এ সব মিথ্যে,

 

 

আপনায় ভুলে গাও প্রাণ খুলে,

      নাচো নিখিলের নৃত্যে।’

বন্ধদুয়ার বিশ্ব বিরাজে,

      নিবেছে ঘরের দীপ্তি,

চির-উপবাসী আপনার মাঝে

      আপনি না পাই তৃপ্তি,

পদে পদে রয় সংশয় ভয়,

      পদে পদে প্রেম ক্ষুণ্ন,

বৃথা আহ্বান, বৃথা অনুনয়,

      সখার আসন শূন্য–

মন বলি উঠে, “ডুবে যা গভীরে,

      মিথ্যে, এ সব মিথ্যে,

নিবিড় ধেয়ানে নিখিল লভি রে

      আপনারি একাকিত্বে।’

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

1 week ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

1 week ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

1 week ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

1 week ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

1 week ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago