মৌমাছি রৌদ্র নারী শরীর ও মন মুহূর্ত ও মহাকাল দু’জনের কাছে বারবার ব্রহ্মাণ্ডের অপরূপ অগ্নি পরিধির ভিতরে নিবিড় অগ্নিশিল্প হয়ে আছে।
সব শেষ হয়ে গেলে তারপর থাকে একদিন যা জেনেছি তার চেয়ে ভালো সমস্ত দিনের সূর্য- আর সেই সূর্যের বিদায়, আঁধারের রঙে মাখা নক্ষত্রের আলো।
নগর বন্দর দিক জনতার পথে ক্ষতি রক্ত ভালোবাসা ব্যথা জ্ঞান-লাভ ভালো,- তবু- সেই সব স্থিরতর ক’রে নিতে হয়; প্রকৃতি মানুষ আর সময়ের নিজের স্বভাব
জেনে নিতে হয় নদী প্রান্তরের ঘাসে; এ ছাড়া আর কি সত্য ইতিহাস জানে? কিছু গ্রন্থ রীতি চিন্তা- দু’একটী নক্ষত্র নারীর দিকে চেয়ে বোঝা যায় জীবন ও মৃত্যুর মানে।