যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে,

      সব সংগীত গেছে ইঙ্গিতে থামিয়া,

যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে,

      যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া,

মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে,

      দিক্‌-দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা–

           তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,

                এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।

 

এ নহে মুখর বনমর্মরগুঞ্জিত,

      এ যে অজাগরগরজে সাগর ফুলিছে।

এ নহে কুঞ্জ কুন্দকুসুমরঞ্জিত,

      ফেনহিল্লোল কলকল্লোলে দুলিছে।

কোথা রে সে তীর ফুলপল্লবপুঞ্জিত,

      কোথা রে সে নীড়, কোথা আশ্রয়শাখা!

           তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,

                এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।

 

এখনো সমুখে রয়েছে সুচির শর্বরী,

      ঘুমায় অরুণ সুদূর অস্ত-অচলে!

বিশ্বজগৎ নিশ্বাসবায়ু সম্বরি

      স্তব্ধ আসনে প্রহর গনিছে বিরলে।

সবে দেখা দিল অকূল তিমির সন্তরি

      দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা।

          ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,

                এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।

 

ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি

      ইঙ্গিত করি তোমা-পানে আছে চাহিয়া।

নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি

      শত তরঙ্গ তোমা-পানে উঠে ধাইয়া।

বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি

      “এসো এসো’ সুরে করুণ মিনতি-মাখা।

             ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,

                   এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।

 

ওরে ভয় নাই, নাই স্নেহমোহবন্ধন,

      ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা।

ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন,

     ওরে গৃহ নাই, নাই ফুলশেজরচনা।

আছে শুধু পাখা, আছে মহানভ-অঙ্গন

     উষা-দিশা-হারা নিবিড়-তিমির-আঁকা–

          ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,

                এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago