ARTPOET.IN

দুঃখহারী | dukkhohari

Getting your Trinity Audio player ready...

মনে করো, তুমি থাকবে ঘরে,

আমি যেন যাব দেশান্তরে।

    ঘাটে আমার বাঁধা আছে তরী,

    জিনিসপত্র নিয়েছি সব ভরি —        

    ভালো করে দেখ্‌ তো মনে করি

কী এনে মা, দেব তোমার তরে।

চাস কি মা, তুই এত এত সোনা —

সোনার দেশে করব আনাগোনা।

    সোনামতী নদীতীরের কাছে

    সোনার ফসল মাঠে ফ’লে আছে,

    সোনার চাঁপা ফোটে সেথায় গাছে —

না কুড়িয়ে আমি তো ফিরব না।

          

পরতে কি চাস মুক্তো গেঁথে হারে —

জাহাজ বেয়ে যাব সাগর-পারে।

    সেখানে মা, সকালবেলা হলে

    ফুলের ‘পরে মুক্তোগুলি দোলে,

    টুপটুপিয়ে পড়ে ঘাসের কোলে —

যত পারি আনব ভারে ভারে।

দাদার জন্যে আনব মেঘে-ওড়া

পক্ষিরাজের বাচ্ছা দুটি ঘোড়া।

   বাবার জন্যে আনব আমি তুলি

   কনক-লতার চারা অনেকগুলি —

   তোর তরে মা, দেব কৌটা খুলি

             সাত-রাজার-ধন মানিক একটি জোড়া।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top