রবীন্দ্রনাথ ঠাকুর

তোমারে কি বারবার করেছিনু অপমান | tomare ki barbar korechhinu

 তোমারে কি বারবার করেছিনু অপমান।

          এসেছিলে গেয়ে গান

              ভোরবেলা;

    ঘুম ভাঙাইলে ব’লে মেরেছিনু ঢেলা

              বাতায়ন হতে,

    পরক্ষণে কোথা তুমি লুকাইলে জনতার স্রোতে।

              ক্ষুধিত দরিদ্রসম

          মধ্যাহ্নে, এসেছে দ্বারে মম।

          ভেবেছিনু, এ কী দায়,

কাজের ব্যাঘাত এ-যে।’ দূর হতে করেছি বিদায়।

 

     সন্ধ্যাবেলা এসেছিলে যেন মৃত্যুদূত

          জ্বালায়ে মশাল-আলো, অস্পষ্ট অদ্ভুত

              দুঃস্বপ্নের মতো।

     দস্যু ব’লে শত্রু ব’লে ঘরে দ্বার যত

          দিনু রোধ করি।

     গেলে চলি, অন্ধকার উঠিল শিহরি।

এরি লাগি এসেছিলে, হে বন্ধু অজানা–

          তোমারে করিব মানা,

    তোমারে ফিরায়ে দিব, তোমারে মারিব,

       তোমা-কাছে যত ধার সকলি ধারিব,

              না করিয়া শোধ

              দুয়ার করিব রোধ।

 

              তার পরে অর্ধরাতে

          দীপ-নেবা অন্ধকারে বসিয়া ধুলাতে

              মনে হবে আমি বড়ো একা

          যাহারে ফিরায়ে দিনু বিনা তারি দেখা।

              এ দীর্ঘ জীবন ধরি

          বহুমানে যাহাদের নিয়েছিনু বরি

              একাগ্র উৎসুক,

          আঁধারে মিলায়ে যাবে তাহাদের মুখ।

              যে আসিল ছিনু অন্যমনে,

          যাহারে দেখি নি চেয়ে নয়নের কোণে,

              যারে নাহি চিনি,

          যার ভাষা বুঝিতে পারি নি,

অর্ধরাতে দেখা দিবে বারেবারে তারি মুখ নিদ্রাহীন চোখে

          রজনীগন্ধার গন্ধে তারার আলোকে।

     বারেবারে ফিরে-যাওয়া অন্ধকারে বাজিবে হৃদয়ে

          বারেবারে-ফিরে-আসা হয়ে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

7 days ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

7 days ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

7 days ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

7 days ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago