ঢেউ উঠেছে জলে,

           হাওয়ায় বাড়ে বেগ।

ওই-যে ছুটে চলে

           গগন-তলে মেঘ।

মাঠের গোরুগুলো

উড়িয়ে চলে ধুলো,

আকাশে চায় মাঝি

           মনেতে উদ্‌বেগ।

 

           নামল ঝোড়ো রাতি,

                   দৌড়ে চলে ভুতো।

           মাথায় ভাঙা ছাতি,

                   বগলে তার জুতো।

           ঘাটের গলি-‘পরে

           শুক্‌নো পাতা ঝরে,

           কল্‌সি কাঁখে নিয়ে

                   মেয়েরা যায় দ্রুত।

 

ঘণ্টা গোরুর গলে

           বাজিছে ঠন্‌ ঠন্‌।

নীচে গাড়ির তলে

           ঝুলিছে লণ্ঠন।

যাবে অনেক দূরে

বেণীমাধব-পুরে–

ডাইনে চাষের মাঠ,

           বাঁয়ে বাঁশের বন।

 

           পশ্চিমে মেঘ ডাকে,

                   ঝাউয়ের মাথা দোলে।

           কোথায় ঝাঁকে ঝাঁকে

                   বক উড়ে যায় চ’লে।

           বিদ্যুৎকম্পনে

           দেখছি ক্ষণে ক্ষণে

           মন্দিরের ওই চূড়া

                   অন্ধকারের কোলে।

 

গৃহস্থ কে ঘরে,

           খোলো দুয়ারখানা।

পান্থ পথের ‘পরে,

           পথ নাহি তার জানা।

নামে বাদল-ধারা,

লুপ্ত চন্দ্র তারা,

বাতাস থেকে থেকে

      আকাশকে দেয় হানা।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

6 days ago

ছেলেধরা

সবাই মিলে বাসায় ফিরে এলাম।এসেই দেখি ঝুমরির মা বাংলোর বারান্দাতে বসে। তার সঙ্গে নাহানপুর গ্রামের…

6 days ago

ছায়াছবি

এক বন্ধুর মুখে এ-গল্প শোনা।আমার বন্ধুটি অনেক দেশ বেড়িয়েছেন, লোক হিসেবে অমায়িক, রসিক ও শিক্ষিত।…

2 weeks ago

গঙ্গাধরের বিপদ

অনেকদিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলাপোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা…

2 weeks ago

খোলা দরজার ইতিহাস

সন্তোষ দত্ত আমাদের মধ্যে একজন বড়ো গাল্পিক। বাইরে শ্রাবণ সন্ধ্যার ঘনায়মান মেঘজাল, মাঝে মাঝে জোনাকি…

2 weeks ago

খুঁটি দেবতা

ঘোষপাড়ার দোলের মেলায় যাইবার পথে গঙ্গার ধারে মঠটা পড়ে।মঠ বলিলে ভুল বলা হয়। ঠিক মঠ…

2 weeks ago