প্রভু, তুমি পূজনীয়। আমার কী জাত,

           জান তাহা হে জীবননাথ।

           তবুও সবার দ্বার ঠেলে

                    কেন এলে

                 কোন্‌ দুখে

               আমার সম্মুখে।

           ভরা ঘট লয়ে কাঁখে

      মাঠের পথের বাঁকে বাঁকে

                 তীব্র দ্বিপ্রহরে

           আসিতেছিলাম ধেয়ে আপনার ঘরে —

      চাহিলে তৃষ্ণার বারি।

                 আমি হীন নারী

           তোমারে করিব হেয়,

                 সে কি মোর শ্রেয়।

      ঘটখানি নামাইয়া চরণে প্রণাম ক’রে

           কহিলাম, “অপরাধী করিয়ো না মোরে।’

      শুনিয়া আমার মুখে তুলিলে নয়ন বিশ্বজয়ী,

           হাসিয়া কহিলে, “হে মৃন্ময়ী,

      পুণ্য যথা মৃত্তিকার এই বসুন্ধরা

                 শ্যামল কান্তিতে ভরা

                       সেইমতো তুমি

      লক্ষ্মীর আসন, তাঁর কমলচরণ আছ চুমি।

           সুন্দরের কোনো জাত নাই,

                 মুক্ত সে সদাই।

           তাহারে অরুণরাঙা উষা

                 পরায় আপন ভূষা;

           তারাময়ী রাতি

       দেয় তার বরমাল্য গাঁথি।

           মোর কথা শোনো,

      শতদল পঙ্কজের জাতি নেই কোনো।

      যার মাঝে প্রকাশিল স্বর্গের নির্মল অভিরুচি

                 সেও কি অশুচি।

      বিধাতা প্রসন্ন যেথা আপনার হাতের সৃষ্টিতে

      নিত্য তার অভিষেক নিখিলের আশিসবৃষ্টিতে।’

                 জলভরা মেঘস্বরে এই কথা ব’লে

                       তুমি গেলে চলে।

                       তার পর হতে

           এ ভঙ্গুর পাত্রখানি প্রতিদিন উষার আলোতে

                       নানা বর্ণে আঁকি,

           নানা চিত্ররেখা দিয়ে মাটি তার ঢাকি।

      হে মহান, নেমে এসে তুমি যারে করেছ গ্রহণ,

      সৌন্দর্যের অর্ঘ্য তার তোমা-পানে করুক বহন।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago