খোকা মাকে শুধায় ডেকে–

     “এলেম আমি কোথা থেকে,

কোন্‌খানে তুই কুড়িয়ে পেলি আমারে।’

     মা শুনে কয় হেসে কেঁদে

     খোকারে তার বুক বেঁধে–

“ইচ্ছা হয়ে ছিলি মনের মাঝারে।

     ছিলি আমার পুতুল-খেলায়,

     প্রভাতে শিবপূজার বেলায়

তোরে আমি ভেঙেছি আর গড়েছি।

     তুই আমার ঠাকুরের সনে

     ছিলি পূজার সিংহাসনে,

তাঁরি পূজায় তোমার পূজা করেছি।

     আমার চিরকালের আশায়,

     আমার সকল ভালোবাসায়,

আমার মায়ের দিদিমায়ের পরানে–

     পুরানো এই মোদের ঘরে

     গৃহদেবীর কোলের ‘পরে

কতকাল যে লুকিয়ে ছিলি কে জানে।

যৌবনেতে যখন হিয়া

     উঠেছিল প্রস্ফুটিয়া,

তুই ছিলি সৌরভের মতো মিলায়ে,

     আমার তরুণ অঙ্গে অঙ্গে

     জড়িয়ে ছিলি সঙ্গে সঙ্গে

তোর লাবণ্য কোমলতা বিলায়ে।

     সব দেবতার আদরের ধন

     নিত্যকালের তুই পুরাতন,

তুই প্রভাতের আলোর সমবয়সী–

     তুই জগতের স্বপ্ন হতে

     এসেছিস আনন্দ-স্রোতে

নূতন হয়ে আমার বুকে বিলসি।

     নির্নিমেষে তোমায় হেরে

     তোর রহস্য বুঝি নে রে,

সবার ছিলি আমার হলি কেমনে।

     ওই দেহে এই দেহ চুমি

     মায়ের খোকা হয়ে তুমি

মধুর হেসে দেখা দিলে ভুবনে।

     হারাই হারাই ভয়ে গো তাই

     বুকে চেপে রাখতে যে চাই,

কেঁদে মরি একটু সরে দাঁড়ালে।

     জানি না কোন্‌ মায়ায় ফেঁদে

     বিশ্বের ধন রাখব বেঁধে

আমার এ ক্ষীণ বাহু দুটির আড়ালে।’

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

💄 মেকআপ নিয়ে মজার বাংলা জোকস

১.বন্ধু: তুই এত মেকআপ করিস কেন?মেয়ে: আত্মবিশ্বাস বাড়ানোর জন্য।বন্ধু: তা আত্মবিশ্বাস বাড়ল?মেয়ে: হ্যাঁ, এখন Face…

2 days ago

⚽ খেলার জোকস

১. ফুটবল প্রেমমা: সারাদিন শুধু ফুটবল খেলিস কেন?ছেলে: মা, আমি দেশের নাম উজ্জ্বল করব।মা: আগে…

2 days ago

ফানি জোকস

😄 Joke 1: অনলাইন ক্লাসশিক্ষক: বল তো, পৃথিবী গোল কেন?ছাত্র: স্যার, যদি চৌকো হতো, তাহলে…

2 days ago

কেদার রাজা

একদুপুর বেলায় নীলমণি চাটুজ্জে বাড়ি ফেরবার পথে গ্রামের মুদির দোকানে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো ছিবাস,…

2 days ago

দুই বাড়ি

১. রামতারণ চৌধুরীরামতারণ চৌধুরী সকালে উঠিয়া বড় ছেলে নিধুকে বলিলেন—নিধে, একবার হরি বাগদীর কাছে গিয়ে…

3 days ago

অশনি সংকেত

নদীর ঘাটে তালগাছের গুঁড়ি দিয়ে ধাপ তৈরী করা হয়েছে। দুটি স্ত্রীলোক স্নানরতা। একটি স্ত্রীলোক অপেক্ষাকৃত…

5 days ago