কে নিল খোকার ঘুম হরিয়া।

মা তখন জল নিতে          ও পাড়ার দিঘিটিতে

             গিয়াছিল ঘট কাঁখে করিয়া।–

তখন রোদের বেলা           সবাই ছেড়েছে খেলা,

             ও পারে নীরব চখা-চখীরা;

শালিক থেমেছে ঝোপে,    শুধু পায়রার খোপে

             বকাবকি করে সখা-সখীরা;

তখন রাখাল ছেলে          পাঁচনি ধুলায় ফেলে

             ঘুমিয়ে পড়েছে বটতলাতে;

বাঁশ-বাগানের ছায়ে          এক-মনে এক পায়ে

             খাড়া হয়ে আছে বক জলাতে।

সেই ফাঁকে ঘুমচোর         ঘরেতে পশিয়া মোর

             ঘুম নিয়ে উড়ে গেল গগনে,

মা এসে অবাক রয়,         দেখে খোকা ঘর-ময়

             হামাগুড়ি দিয়ে ফিরে সঘনে।

             আমার খোকার ঘুম নিল কে।

যেথা পাই সেই চোরে       বাঁধিয়া আনিব ধরে,

             সে লোক লুকাবে কোথা ত্রিলোকে।

যাব সে গুহার ছায়ে         কালো পাথরের গায়ে

             কুলু কুলু বহে যেথা ঝরনা।

যাব সে বকুলবনে           নিরিবিলি সে বিজনে

            ঘুঘুরা করিছে ঘর-করনা।

যেখানে সে-বুড়া বট        নামায়ে দিয়েছে জট,

             ঝিল্লি ডাকিছে দিনে দুপুরে,

যেখানে বনের কাছে        বনদেবতারা নাচে

             চাঁদিনিতে রুনুঝুনু নূপুরে,

যাব আমি ভরা সাঁঝে       সেই বেণুবন-মাঝে

          আলো যেথা রোজ জ্বালে জোনাকি–

   শুধাব মিনতি করে,       “আমাদের ঘুমচোরে

             তোমাদের আছে জানাশোনা কি।’

             কে নিল খোকার ঘুম চুরায়ে।

   কোনোমতে দেখা তার                পাই যদি একবার

             লই তবে সাধ মোর পুরায়ে।

   দেখি তার বাসা খুঁজি    কোথা ঘুম করে পুঁজি,

             চোরা ধন রাখে কোন্‌ আড়ালে।

   সব লুঠি লব তার,         ভাবিতে হবে না আর

             খোকার চোখের ঘুম হারালে

   ডানা দুটি বেঁধে তারে      নিয়ে যাব নদীপারে

             সেখানে সে ব’সে এক কোণেতে

   জলে শরকাঠি ফেলে       মিছে মাছ-ধরা খেলে

             দিন কাটাইবে কাশবনেতে।

  যখন সাঁঝের বেলা          ভাঙিবে হাটের মেলা

             ছেলেরা মায়ের কোল ভরিবে,

   সারা রাত টিটি-পাখি      টিটকারি দিবে ডাকি–

             “ঘুমচোরা কার ঘুম হরিবে।’

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago