এল সে জর্মনির থেকে

        এই অচেনার মাঝখানে,

    ঝড়ের মুখে নৌকো নোঙর-ছেঁড়া

               ঠেকল এসে দেশান্তরে।

পকেটে নেই টাকা,

        উদ্‌বেগ নেই মনে,

    দিন চলে যায় দিনের কাজে

        অল্পস্বল্প নিয়ে।

যেমন-তেমন থাকে

        অন্য দেশের সহজ চালে।

নেই ন্যূনতা, গুমর কিছুই নেই–

           মাথা-উঁচু

        দ্রুত পায়ের চাল।

একটুও নেই অকিঞ্চনের অবসাদ।

        দিনের প্রতি মুহূর্তকে

    জয় করে সে আপন জোরে,

পথের মধ্যে ফেলে দিয়ে যায় সে চলে,

        চায় না পিছন ফিরে–

    রাখে না তার এক কণাও বাকি।

খেলাধুলা হাসিগল্প যা হয় যেখানে

        তারি মধ্যে জায়গা সে নেয়

           সহজ মানুষ।

    কোথাও কিছু ঠেকে না তার

        একটুকুও অনভ্যাসের বাধা।

    একলা বটে, তবুও তো

        একলা সে নয়।

    প্রবাসে তার দিনগুলো সব

        হূহু করে কাটিয়ে দিচ্ছে হালকা মনে।

    ওকে দেখে অবাক হয়ে থাকি,

        সব মানুষের মধ্যে মানুষ

           অভয় অসংকোচ–

    তার বাড়া ওর নেই তো পরিচয়।

 

দেশের মানুষ এসেছে তার আরেক জনা।

        ঘুরে ঘুরে বেড়াচ্ছে সে

    যা-খুশি তাই ছবি এঁকে এঁকে

           যেখানে তার খুশি।

    সে ছবি কেউ দেখে কিম্বা না’ই দেখে

        ভালো বলে না’ই বলে–

           খেয়াল কিছুই নেই।

    দুইজনেতে পাশাপাশি

        কাঁকর-ঢালা পথ দিয়ে ওই

           যাচ্ছে চলে

    দুই টুকরো শরৎকালের মেঘ।

নয় ওরা তো শিকড়-বাঁধা গাছের মতো,

    ওরা মানুষ–

        ছুটি ওদের সকল দেশে সকল কালে,

           কর্ম ওদের সবখানে,

        নিবাস ওদের সব মানুষের মাঝে।

    মন যে ওদের স্রোতের মতো

        সব-কিছুরেই ভাসিয়ে চলে–

    কোনোখানেই আটকা পড়ে না সে।

        সব মানুষের ভিতর দিয়ে

    আনাগোনার বড়ো রাস্তা তৈরি হবে,

        এরাই আছে সেই রাস্তার কাজে

               এই যত-সব ঘরছাড়াদের দল।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago