তোমার কটি-তটের ধটি

         কে দিল রাঙিয়া।

  কোমল গায়ে দিল পরায়ে

         রঙিন আঙিয়া।

  বিহানবেলা আঙিনাতলে

  এসেছ তুমি কী খেলাছলে,

  চরণ দুটি চলিতে ছুটি

         পড়িছে ভাঙিয়া।

  তোমার কটি-তটের ধটি

         কে দিল রাঙিয়া।

  কিসের সুখে সহাস মুখে

         নাচিছ বাছনি,

  দুয়ার-পাশে জননী হাসে

         হেরিয়া নাচনি।

  তাথেই থেই তালির সাথে

  কাঁকন বাজে মায়ের হাতে,

  রাখাল-বেশে ধরেছ হেসে

         বেণুর পাঁচনি।

  কিসের সুখে সহাস মুখে

         নাচিছ বাছনি।

  ভিখারি ওরে, অমন  ক’রে

         শরম ভুলিয়া

  মাগিস কী বা মায়ের গ্রীবা

         আঁকড়ি ঝুলিয়া।

ওরে রে লোভী, ভুবনখানি

গগন হতে উপাড়ি আনি

ভরিয়া দুটি ললিত মুঠি

       দিব কি তুলিয়া।

কী চাস ওরে অমন ক’রে

       শরম ভুলিয়া।

নিখিল শোনে আকুল মনে

       নূপুর-বাজনা।

তপন শশী হেরিছে বসি

       তোমার সাজনা।

ঘুমাও যবে মায়ের বুকে

আকাশ চেয়ে রহে ও মুখে,

জাগিলে পরে প্রভাত করে

       নয়ন-মাজনা।

নিখিল শোনে আকুল মনে

       নূপুর-বাজনা।

ঘুমের বুড়ি আসিছে উড়ি

       নয়ন-ঢুলানী,

গায়ের ‘পরে কোমল করে

       পরশ-বুলানী।

মায়ের প্রাণে তোমারি লাগি

জগৎ-মাতা রয়েছে জাগি,

ভুবন-মাঝে নিয়ত রাজে

       ভুবন-ভুলানী।

ঘুমের বুড়ি আসিছে উড়ি

       নয়ন-ঢুলানী।

 

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

1 week ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

1 week ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

1 week ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

1 week ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

1 week ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago