কে তোমারে দিল প্রাণ

                      রে পাষাণ।

     কে তোমারে জোগাইছে এ অমৃতরস

                      বরষ বরষ।

তাই দেবলোকপানে নিত্য তুমি রাখিয়াছ ধরি

                      ধরণীর আনন্দমঞ্জরী;

     তাই তো তোমারে ঘিরি বহে বারোমাস

অবসন্ন বসন্তের বিদায়ের বিষণ্ন নিশ্বাস;

     মিলনরজনীপ্রান্তে ক্লান্ত চোখে

                       ম্লান দীপালোকে

     ফুরায়ে গিয়াছে যত অশ্রু-গলা গান

তোমার অন্তরে তারা আজিও জাগিছে অফুরান,

     হে পাষাণ, অমর পাষাণ।

 

     বিদীর্ণ হৃদয় হতে বাহিরে আনিল বহি

              সে রাজবিরহী

          বিরহের রত্নখানি;

              দিল আনি

          বিশ্বলোক-হাতে

              সবার সাক্ষাতে।

     নাই সেথা সম্রাটের প্রহরী সৈনিক,

          ঘিরিয়া ধরেছে তারে দশ দিক।

              আকাশ তাহার ‘পরে

                     যত্নভরে

              রেখে দেয় নীরব চুম্বন

                             চিরন্তন;

             প্রথম মিলনপ্রভা

                     রক্তশোভা

                             দেয় তারে প্রভাত-অরুণ,

              বিরহের ম্লানহাসে

                      পাণ্ডুভাসে

                             জ্যোৎস্না তারে করিছে করুণ।

 

                      সম্রাটমহিষী,

তোমার প্রেমের স্মৃতি সৌন্দর্যে হয়েছে মহীয়সী।

              সে-স্মৃতি তোমারে ছেড়ে

                      গেছে বেড়ে

                               সর্বলোকে

                                     জীবনের অক্ষয় আলোকে।

 

          অঙ্গ ধরি সে অনঙ্গস্মৃতি

     বিশ্বের প্রীতির মাঝে মিলাইছে সম্রাটের প্রীতি।

          রাজ-অন্তঃপুর হতে আনিল বাহিরে

     গৌরবমুকুট তব, পরাইল সকলের শিরে

              যেথা  যার রয়েছে প্রেয়সী

     রাজার প্রাসাদ হতে দীনের কুটিরে–

     তোমার প্রেমের স্মৃতি সবারে করিল মহীয়সী।

 

              সম্রাটের মন,

                      সম্রাটের ধনজন

এই রাজকীর্তি হতে করিয়াছে বিদায়গ্রহণ।

              আজ সর্বমানবের অনন্ত বেদনা

                      এ পষাণ-সুন্দরীরে

                               আলিঙ্গনে ঘিরে

                      রাত্রিদিন করিছে সাধানা।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago