কৃষ্ণকলি আমি তারেই বলি,

       কালো তারে বলে গাঁয়ের লোক।

মেঘলা দিনে দেখেছিলেম মাঠে

       কালো মেয়ের কালো হরিণ-চোখ।

ঘোমটা মাথায় ছিল না তার মোটে,

মুক্তবেণী পিঠের ‘পরে লোটে।

        কালো? তা সে যতই কালো হোক

        দেখেছি তার কালো হরিণ-চোখ।

 

ঘন মেঘে আঁধার হল দেখে

            ডাকতেছিল শ্যামল দুটি গাই,

শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে

            কুটির হতে ত্রস্ত এল তাই।

আকাশ-পানে হানি যুগল ভুরু

শুনলে বারেক মেঘের গুরুগুরু।

            কালো? তা সে যতই কালো হোক

            দেখেছি তার কালো হরিণ-চোখ।

 

পুবে বাতাস এল হঠাৎ ধেয়ে,

            ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ।

আলের ধারে দাঁড়িয়েছিলেম একা,

            মাঠের মাঝে আর ছিল না কেউ।

আমার পানে দেখলে কিনা চেয়ে

আমিই জানি আর জানে সে মেয়ে।

            কালো? তা সে যতই কালো হোক

            দেখেছি তার কালো হরিণ-চোখ।

 

এমনি করে কালো কাজল মেঘ

            জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে।

এমনি করে কালো কোমল ছায়া

            আষাঢ় মাসে নামে তমাল-বনে।

এমনি করে শ্রাবণ-রজনীতে

হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে।

            কালো? তা সে যতই কালো হোক

            দেখেছি তার কালো হরিণ-চোখ।

 

কৃষ্ণকলি আমি তারেই বলি,

            আর যা বলে বলুক অন্য লোক।

দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে            

            কালো মেয়ের কালো হরিণ-চোখ।

মাথার ‘পরে দেয় নি তুলে বাস,

লজ্জা পাবার পায় নি অবকাশ।

            কালো? তা সে যতই কালো হোক

দেখেছি তার কালো হরিণ-চোখ।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

অথৈজল

বাড়িতে কেউ নেই। ডিসপেনসারির কাজ সেরে এইমাত্র বাজার থেকে ফিরে এসেছি।পাড়ার সনাতন চক্কত্তি বাইরের বৈঠকখানায়…

1 month ago

অনশ্বর

রামলালের চাকরিটা গেল।এমন কিছু নয়, সামান্য ত্রিশ টাকা মাইনের গ্রাম্য বালিকা বিদ্যালয়ের হেড পণ্ডিতের পদ।…

1 month ago

অনুবর্তন

ওয়েলেসলি স্ট্রীটের আর পিটার লেনের মোড়ে ক্লার্কওয়েল সাহেবের স্কুল-বাড়িটা বেশ সরগরম হইয়া উঠিয়াছে। বেলা দশটা।…

1 month ago

💄 মেকআপ নিয়ে মজার বাংলা জোকস

১.বন্ধু: তুই এত মেকআপ করিস কেন?মেয়ে: আত্মবিশ্বাস বাড়ানোর জন্য।বন্ধু: তা আত্মবিশ্বাস বাড়ল?মেয়ে: হ্যাঁ, এখন Face…

1 month ago

⚽ খেলার জোকস

১. ফুটবল প্রেমমা: সারাদিন শুধু ফুটবল খেলিস কেন?ছেলে: মা, আমি দেশের নাম উজ্জ্বল করব।মা: আগে…

1 month ago

ফানি জোকস

😄 Joke 1: অনলাইন ক্লাসশিক্ষক: বল তো, পৃথিবী গোল কেন?ছাত্র: স্যার, যদি চৌকো হতো, তাহলে…

1 month ago