কেনে এত ফুল তুলিলি, স্বজনি—
              ভরিয়া ডালা?
মেঘাবৃত হলে,            পরে কি রজনী
              তারার মালা?
অার কি যতনে,          কুসুম রতনে
              ব্রজের বালা?

 

 

আর কি পরিবে          কভু ফুলহার
             ব্ৰজকামিনী?
কেনে লো হরিলি        ভূষণ লতার—
             বনশোভিনী?
অলি বঁধু তার;           কে আছে রাধার—
             হতভাগিনী?

 

 

হায় লো দোলাবি,      সখি,কার গলে
            মালা গাঁথিয়া?
আর কি নাচে লো     তমালের তলে
            বনমালিয়া?
প্রেমের পিঞ্জর,         ভাঙি পিকবর,
            গেছে উড়িয়া!

 

 

আর কি বাজে লো    মনোহর বাঁশী
            নিকুঞ্জবনে?
ব্রজ সুধানিধি            শোভে কি লো হাসি,
            ব্রজগগনে?
ব্রজ কুমুদিনী,            এবে বিলাপিনী
            ব্রজভবনে!

 

 

হায় রে যমুনে            কেনে না ডুবিল
            তোমার জলে
অদয় অক্রূর,             যবে সে আইল
            ব্রজমণ্ডলে?
ক্রূর দূত হেন,             বধিলে না কেন
            বলে কি ছলে?

 

 

হরিল অধম               মম প্রাণ হরি
           ব্রজরতন!
ব্রজবনমধু                 নিল ব্রজ অরি,
            দলি ব্রজবন?
কবি মধু ভণে,            পাবে, ব্রজাঙ্গনে,
            মধুসূদন!

-মাইকেল মধুসূদন দত্ত

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago