তোমার ঘরের সিঁড়ি বেয়ে

             যতই আমি নাবছি।

আমায় মনে আছে কি না

             ভয়ে ভয়ে ভাবছি।

কথা পাড়তে গিয়ে দেখি,

             হাই তুললে দুটো;

বললে উসুখুসু করে,

             “কোথায় গেল নুটো।”

ডেকে তারে বলে দিলে,

             “ড্রাইভারকে বলিস,

আজকে সন্ধ্যা নটার সময়

             যাব মেট্রোপলিস।”

কুকুরছানার ল্যাজটা ধরে

             করলে নাড়াচাড়া;

বললে আমায়, “ক্ষমা করো,

             যাবার আছে তাড়া।”

তখন পষ্ট বোঝা গেল,

             নেই মনে আর নেই।

আরেকটা দিন এসেছিল

             একটা শুভক্ষণেই–

মুখের পানে চাইতে তখন,

             চোখে রইত মিষ্টি;

কুকুরছানার ল্যাজের দিকে

             পড়ত নাকো দৃষ্টি।

সেই সেদিনের সহজ রঙটা

             কোথায় গেল ভাসি;

লাগল নতুন দিনের ঠোঁটে

             রুজ-মাখানো হাসি।

বটসুদ্ধ পা-দুখানা

             তুলে দিলে সোফায়;

ঘাড় বেঁকিয়ে ঠেসেঠুসে

             ঘা লাগালে খোঁপায়।

আজকে তুমি শুকনো ডাঙায়

             হালফ্যাশানের কূলে,

ঘাটে নেমে চমকে উঠি

             এই কথাটাই ভুলে।

এবার বিদায় নেওয়াই ভালো,

             সময় হল যাবার–

ভুলেছ যে ভুলব যখন

             আসব ফিরে আবার।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago