ওগো আমার প্রাণের কর্ণধার,

     দিকে দিকে ঢেউ জাগালো

               লীলার পারাবার।

          আলোক-ছায়া চমকিছে

          ক্ষণেক আগে ক্ষণেক পিছে,

          অমার আঁধার ঘাটে ভাসায়

                   নৌকা পূর্ণিমার।

               ওগো কর্ণধার

          ডাইনে বাঁয়ে দ্বন্দ্ব লাগে

                   সত্যের মিথ্যার।

ওগো আমার লীলার কর্ণধার,

     জীবন-তরী মৃত্যুভাঁটায়

               কোথায় কর পার।

          নীল আকাশের মৌনখানি

          আনে দূরের দৈববাণী,

          গান করে দিন উদ্দেশহীন

               অকূল শূন্যতার।

     তুমি ওগো লীলার কর্ণধার

          রক্তে বাজাও রহস্যময়

                   মন্ত্রের ঝংকার।

     তাকায় যখন নিমেষহারা

     দিনশেষের প্রথমতারা

          ছায়াঘন কুঞ্জবনে

          মন্দ মৃদু গুঞ্জরণে

          বাতাসেতে জাল বুনে দেয়

                   মদির তন্দ্রার।

          স্বপ্নস্রোতে লীলার কর্ণধার

               গোধূলিতে পাল তুলে দাও

                   ধূসরচ্ছন্দার।

     অস্তরবির ছায়ার সাথে

     লুকিয়ে আঁধার আসন পাতে।

          ঝিল্লিরবে গগন কাঁপে,

          দিগঙ্গনা কী জপ জাপে,

          হাওয়ায় লাগে মোহপরশ

                   রজনীগন্ধার।

          হৃদয়-মাঝে লীলার কর্ণধার

               একতারাতে বেহাগ বাজাও

                   বিধুর সন্ধ্যার।

     রাতের শঙ্খকুহর ব্যেপে

     গম্ভীর রব উঠে কেঁপে।

          সঙ্গবিহীন চিরন্তনের

          বিরহগান বিরাট মনের

          শূন্যে করে নিঃশবদের

                   বিষাদ বিস্তার।

          তুমি আমার লীলার কর্ণধার

               তারার ফেনা ফেনিয়ে তোল

                   আকাশগঙ্গার।

     বক্ষে যবে বাজে মরণভেরি

     ঘুচিয়ে ত্বরা ঘুচিয়ে সকল দেরি,

          প্রাণের সীমা মৃত্যুসীমায়

          সূক্ষ্ম হয়ে মিলায়ে যায়,

          ঊর্ধ্বে তখন পাল তুলে দাও

                   অন্তিম যাত্রার।

          ব্যক্ত কর, হে মোর কর্ণধার,

               আঁধারবিহীন অচিন্ত্য সে

                   অসীম অন্ধকার।

                         – রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago