একদা বসন্তে মোর বনশাখে যবে

                 মুকুলে পল্লবে

            উদ্‌বারিত আনন্দের আমন্ত্রণ

  গন্ধে বর্ণে দিল ব্যাপি ফাল্গুনের পবন গগন,

            সেদিন এসেছে যারা বীথিকায়–

                 কেহ এল কুণ্ঠিত দ্বিধায়;

  চটুল চরণ কারো তৃণে তৃণে বাঁকিয়া বাঁকিয়া

            নির্দয় দলনচিহ্ন গিয়েছে আঁকিয়া

  অসংকোচ নূপুরঝংকারে,

            কটাক্ষের খরধারে

                 উচ্চহাস্য করেছে শাণিত;

            কেহ বা করেছে ম্লান অমানিত

  অকারণ সংশয়েতে আপনারে

            অবগুণ্ঠনের অন্ধকারে;

       কেহ তারা নিয়েছিল তুলি

গোপনে ছায়ায় ফিরি তরুতলে ঝরা ফুলগুলি;

            কেহ ছিন্ন করি

                        তুলেছিল মাধবীমঞ্জরী,

                   কিছু তার পথে পথে ফেলেছে ছড়ায়ে,

                        কিছু তার বেণীতে জড়ায়ে

  অন্যমনে গেছে চলে গুন্‌গুন্‌ গানে।

  আজি এ ঋতুর অবসানে

            ছায়াঘন বীথি মোর নিস্তব্ধ নির্জন;

                     মৌমাছির মধু-আহরণ

                          হল সারা;

                     সমীরণ গন্ধহারা

            তৃণে তৃণে ফেলিছে নিশ্বাস।

  পাতার আড়াল ভরি একে একে পেতেছে প্রকাশ

            অচঞ্চল ফলগুচ্ছ যত,

                 শাখা অবনত।

                     নিয়ে সাজি

                কোথা তারা গেল আজি–

            গোধূলি ছায়াতে হল লীন

                 যারা এসেছিল একদিন

                    কলরবে কান্না ও হাসিতে

                     দিতে আর নিতে।

  আজি লয়ে মোর দানভার

       ভরিয়াছি নিভৃত অন্তর আপনার–

            অপ্রগল্‌ভ গূঢ় সার্থকতা

                 নাহি জানে কথা।

       নিশীথ যেমন স্তব্ধ নিষুপ্ত ভুবনে

                 আপনার মনে

            আপনার তারাগুলি

  কোন্‌ বিরাটের পায়ে ধরিয়াছে তুলি

       নাহি জানে আপনি সে–

  সুদূর প্রভাত-পানে চাহিয়া রয়েছে নির্নিমেষে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

2 days ago

ছেলেধরা

সবাই মিলে বাসায় ফিরে এলাম।এসেই দেখি ঝুমরির মা বাংলোর বারান্দাতে বসে। তার সঙ্গে নাহানপুর গ্রামের…

2 days ago

ছায়াছবি

এক বন্ধুর মুখে এ-গল্প শোনা।আমার বন্ধুটি অনেক দেশ বেড়িয়েছেন, লোক হিসেবে অমায়িক, রসিক ও শিক্ষিত।…

1 week ago

গঙ্গাধরের বিপদ

অনেকদিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলাপোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা…

1 week ago

খোলা দরজার ইতিহাস

সন্তোষ দত্ত আমাদের মধ্যে একজন বড়ো গাল্পিক। বাইরে শ্রাবণ সন্ধ্যার ঘনায়মান মেঘজাল, মাঝে মাঝে জোনাকি…

1 week ago

খুঁটি দেবতা

ঘোষপাড়ার দোলের মেলায় যাইবার পথে গঙ্গার ধারে মঠটা পড়ে।মঠ বলিলে ভুল বলা হয়। ঠিক মঠ…

1 week ago