ভুলে গেছি কবে তুমি    ছেলেবেলা একদিন

                   মরমের কাছে এসেছিলে,

          স্নেহময় ছায়াময়                  সন্ধ্যাসম আঁখি মেলি

                   একবার বুঝি হেসেছিলে।

          বুঝি গো সন্ধ্যার কাছে শিখেছে সন্ধ্যার মায়া

                   ওই আঁখি দুটি–

          চাহিলে হৃদয়পানে                 মরমেতে পড়ে ছায়া,

                   তারা উঠে ফুটি।

          আগে কে জানিত বলো কত কী লুকানো ছিল

                       হৃদয়নিভৃতে,

          তোমার নয়ন দিয়া                 আমার নিজের হিয়া

                      পাইনু দেখিতে।

          কখনো গাও নি তুমি     কেবল নীরবে রহি

                   শিখায়েছ গান–

          স্বপ্নময় শান্তিময়          পূরবীরাগিনী-তানে

                   বাঁধিয়াছ প্রাণ।

          আকাশের পানে চাই, সেই সুরে গান গাই

                   একেলা বসিয়া।

          একে একে সুরগুলি, অনন্তে হারায়ে যায়

                   আঁধারে পশিয়া।

          বলো দেখি কতদিন     আস নি এ শূন্য প্রাণে।

          বলো দেখি কতদিন      চাও নি হৃদয়পানে,

          বলো দেখি কতদিন      শোনো নি এ মোর গান–

          তবে সখী গান-গাওয়া    হল বুঝি অবসান।

          যে রাগ শিখায়েছিলে    সে কি আমি গেছি ভুলে?

                             তার সাথে মিলিছে না সুর?

          তাই কি আস না প্রাণে,    তাই কি শোন না গান–

                             তাই সখী, রয়েছ কি দূর?

                             ভালো সখী, আবার শিখাও,

                             আরবার মুখপানে চাও,

                             একবার ফেলো অশ্রুজল,

                             আঁখিপানে দুটি আঁখি তুলি।

  তা হলে পুরানো সুর                আবার পড়িবে মনে,

                             আর কভু যাইব না ভুলি।

          সেই পুরাতন চোখে               মাঝে মাঝে চেয়ো সখী,

                             উজলিয়া স্মৃতির মন্দির।

          এই পুরাতন প্রাণে                 মাঝে মাঝে এসো সখী,

                             শূন্য আছে প্রাণের কুটির।

                             নহিলে আঁধার মেঘরাশি

                             হৃদয়ের আলোক নিবাবে,

                             একে একে ভুলে যাব সুর,

                             গান গাওয়া সাঙ্গ হয়ে যাবে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago