আজ ভাবি মনে-মনে, তাহারে কি জানি

          যাহার বলায় মোর বাণী,

          যাহার চলায় মোর চলা,

          আমার ছবিতে যার কলা,

যার সুর বেজে ওঠে মোর গানে গানে,

সুখে দুঃখে দিনে দিনে বিচিত্র যে আমার পরানে।

          ভেবেছিনু আমাতে সে বাঁধা

          এ প্রাণের যত হাসা কাঁদা

                 গণ্ডি দিয়ে মোর মাঝে

ঘিরেছে তাহারে মোর সকল খেলায় সব কাজে।

          ভেবেছিনু সে আমারি আমি

আমার জনম বেয়ে আমার মরণে যাবে থামি।

         তবে কেন পড়ে মনে, নিবিড় হরষে

                         প্রেয়সীর দরশে পরশে

                         বারে বারে

                    পেয়েছিনু তারে

                  অতল মাধুরীসিন্ধুতীরে

               আমার অতীত সে আমিরে।

        জানি তাই, সে আমি তো বন্দী নহে আমার সীমায়,

                    পুরাণে বীরের মহিমায়

                         আপনা হারায়ে

         তারে পাই আপনাতে দেশকাল নিমেষে পারায়ে।

                     যে আমি ছায়ার আবরণে

                     লুপ্ত হয়ে থাকে মোর কোণে

             সাধকের ইতিহাসে তারি জ্যোতির্ময়

                            পাই পরিচয়।

          যুগে যুগে কবির বাণীতে

           সেই আমি আপনারে পেরেছে জানিতে।

                      দিগন্তে বাদলবায়ুবেগে

                                নীল মেঘে

                       বর্ষা আসে নাবি।

                                বসে বসে ভাবি

                      এই আমি যুগে যুগান্তরে

                                 কত মূর্তি ধরে,

                  কত নামে কত জন্ম কত মৃত্যু করে পারাপার

                                  কত বারম্বার।

                  ভূত ভবিষ্যৎ লয়ে যে বিরাট অখণ্ড বিরাজে

                             সে মানব-মাঝে

                   নিভৃতে দেখিব আজি এ আমিরে,

                               সর্বত্রগামীরে।

                            – রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago