রবীন্দ্রনাথ ঠাকুর

আমি যারে ভালোবাসি সে ছিল | ami jare bhalobasi se chhilo

আমি যারে ভালোবাসি সে ছিল এই গাঁয়ে,

বাঁকা পথের ডাহিন পাশে, ভাঙা ঘাটের বাঁয়ে।

             কে জানে এই গ্রাম,

             কে জানে এর নাম,

খেতের ধারে মাঠের পারে বনের ঘন ছায়ে–

শুধু আমার হৃদয় জানে সে ছিল এই গাঁয়ে।

বেণুশাখারা আড়াল দিয়ে চেয়ে আকাশ-পানে

কত সাঁঝের চাঁদ-ওঠা সে দেখেছে এইখানে।

             কত আষাঢ় মাসে

             ভিজে মাটির বাসে

বাদলা হাওয়া বয়ে গেছে তাদের কাঁচা ধানে।

সে-সব ঘনঘটার দিনে সে ছিল এইখানে।

এই দিঘি, ওই আমের বাগান, ওই-যে শিবালয়,

এই আঙিনা ডাক-নামে তার জানে পরিচয়।

             এই পুকুরে তারি,

             সাঁতার-কাটা বারি,

ঘাটের পথরেখা তারি চরণ-লেখা-ময়।

এই গাঁয়ে সে ছিল কে সেই জানে পরিচয়।

এই যাহারা কলস নিয়ে দাঁড়ায় ঘাটে আসি

এরা সবাই দেখেছিল তারি মুখের হাসি।

             কুশল পুছি তারে

             দাঁড়াত তার দ্বারে

লাঙল কাঁধে চলছে মাঠে ওই-যে প্রাচীন চাষি।

সে ছিল এই গাঁয়ে আমি যারে ভালোবাসি।

পালের তরী কত-যে যায় বহি দখিনবায়ে,

দূর প্রবাসের পথিক এসে বসে বকুলছায়ে।

             পারের যাত্রিদলে

             খেয়ার ঘাটে চলে,

কেউ গো চেয়ে দেখে না ওই ভাঙা ঘাটের বাঁয়ে।

আমি যারে ভালোবাসি সে ছিল এই গাঁয়ে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

7 days ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

7 days ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

7 days ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

7 days ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago