রবীন্দ্রনাথ ঠাকুর

আমরা কি সত্যই চাই শোকের অবসান | amra ki sotyii chai shoker abosaan

আমরা কি সত্যই চাই শোকের অবসান?

আমাদের গর্ব আছে নিজের শোককে নিয়েও।

আমাদের অতি তীব্র বেদনাও

বহন করে না স্থায়ী সত্যকে–

সান্ত্বনা নেই এমন কথায়;

এতে আঘাত লাগে আমাদের দুঃখের অহংকারে।

জীবনটা আপন সকল সঞ্চয়

ছড়িয়ে রাখে কালের চলাচলের পথে;

তার অবিরাম-ধাবিত চাকার তলায়

গুরুতর বেদনার চিহ্নও যায়

জীর্ণ হয়ে, অস্পষ্ট হয়ে।

আমাদের প্রিয়তমের মৃত্যু

একটিমাত্র দাবি করে আমাদের কাছে

সে বলে–“মনে রেখো।”

কিন্তু সংখ্যা নেই প্রাণের দাবির,

তার আহ্বান আসে চারিদিক থেকেই

মনের কাছে;

সেই উপস্থিত কালের ভিড়ের মধ্যে

অতীতকালের একটিমাত্র আবেদন

কখন হয় অগোচর।

যদি বা তার কথাটা থাকে

তার ব্যথাটা যায় চলে।

তবু শোকের অভিমান

জীবনকে চায় বঞ্চিত করতে।

স্পর্ধা ক’রে প্রাণের দূতগুলিকে বলে–

খুলব না দ্বার।

প্রাণের ফসলখেত বিচিত্র শস্যে উর্বর,

অভিমানী শোক তারি মাঝখানে

ঘিরে রাখতে চায় শোকের দেবত্র জমি,–

সাধের মরুভূমি বানায় সেখানটাতে,

তার খাজনা দেয় না জীবনকে।

মৃত্যুর সঞ্চয়গুলি নিয়ে

কালের বিরুদ্ধে তার অভিযোগ।

সেই অভিযোগে তার হার হতে থাকে দিনে দিনে।

কিন্তু চায় না সে হার মানতে;

মনকে সমাধি দিতে চায়

তার নিজকৃত কবরে।

সকল অহংকারই বন্ধন,

কঠিন বন্ধন আপন শোকের অহংকার।

ধন জন মান সকল আসক্তিতেই মোহ,

নিবিড় মোহ আপন শোকের আসক্তিতে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago