তখন রাত্রি আঁধার হল,

           সাঙ্গ হল কাজ–

    আমরা মনে ভেবেছিলেম

           আসবে না কেউ আজ।

               মোদের গ্রামে দুয়ার যত

               রুদ্ধ হল রাতের মতো,

               দু-এক জনে বলেছিল,

                     “আসবে মহারাজ।’

               আমরা হেসে বলেছিলেম,

                     “আসবে না কেউ আজ।’

 

    দ্বারে যেন আঘাত হল

           শুনেছিলেম সবে,

    আমরা তখন বলেছিলেম,

           “বাতাস বুঝি হবে।’

               নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে

               শুয়েছিলেম আলসভরে,

               দু-এক জনে বলেছিল,

                        “দূত এল-বা তবে।’

               আমরা হেসে বলেছিলেম,

                    “বাতাস বুঝি হবে।’

 

    নিশীথরাতে শোনা গেল

           কিসের যেন ধ্বনি।

    ঘুমের ঘোরে ভেবেছিলেম

           মেঘের গরজনি।

               ক্ষণে ক্ষণে চেতন করি

               কাঁপল ধরা থরহরি,

               দু-এক জনে বলেছিল,

                     “চাকার ঝনঝনি।’

               ঘুমের ঘোরে কহি মোরা,

                     “মেঘের গরজনি।’

 

           তখনো রাত আঁধার আছে,

                  বেজে উঠল ভেরী,

           কে ফুকারে, “জাগো সবাই,

                  আর কোরো না দেরি।’

                         বক্ষ’পরে দু হাত চেপে

                         আমরা ভয়ে উঠি কেঁপে,

           দু-এক জনে কহে কানে,

               “রাজার ধ্বজা হেরি।’

           আমরা জেগে উঠে বলি,

               “আর তবে নয় দেরি।’

 

           কোথায় আলো, কোথায় মাল্য

               কোথায় আয়োজন।

           রাজা আমার দেশে এল

               কোথায় সিংহাসন।

                     হায় রে ভাগ্য, হায় রে লজ্জা,

                     কোথায় সভা, কোথায় সজ্জা।

                     দু-এক জনে কহে কানে,

                           “বৃথা এ ক্রন্দন–

                     রিক্তকরে শূন্যঘরে

                           করো অভ্যর্থন।’

 

    ওরে, দুয়ার খুলে দে রে,

           বাজা, শঙ্খ বাজা!

    গভীর রাতে এসেছে আজ

           আঁধার ঘরের রাজা।

                বজ্র ডাকে শূন্যতলে,

                বিদ্যুতেরই ঝিলিক ঝলে,

                ছিন্ন শয়ন টেনে এনে

                       আঙিনা তোর সাজা।

                ঝড়ের সাথে হঠাৎ এল

                       দুঃখরাতের রাজা।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

1 week ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

1 week ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

1 week ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

1 week ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

1 week ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago