বুঝেছি গো বুঝেছি সজনি,

           কী ভাব তোমার মনে জাগে,

    বুক-ফাটা প্রাণ-ফাটা মোর ভালোবাসা

       এত বুঝি ভালো নাহি লাগে।

    এত ভালোবাসা বুঝি পার না সহিতে,

       এত বুঝি পার না বহিতে।

       যখনি গো নেহারি তোমায়–

    মুখ দিয়া আঁখি দিয়া   বাহিরিতে চায় হিয়া,

       শিরার শৃঙ্খলগুলি ছিঁড়িয়া ফেলিতে চায়,  

    ওই মুখ বুকে ঢাকে,   ওই হাতে হাত রাখে,

       কী করিবে ভাবিয়া না পায়,

       যেন তুমি কোথা আছ  খুঁজিয়া না পায়।

     মন মোর পাগলের হেন  প্রাণপণে শুধায় যেন,

     “প্রাণের  প্রাণের মাঝে কী করিলে তোমারে গো পাই,

       যে ঠাঁই রয়েছে  শূন্য, কী করিলে সে শূন্য পুরাই।”

                  এইরূপে দেহের দুয়ারে

                 মন যবে থাকে যুঝিবারে,

                 তুমি চেয়ে দেখ মুখ-বাগে–

                 এত বুঝি ভালো নাহি লাগে।

                 তুমি চাও যবে মাঝে মাঝে

                 অবসর পাবে তুমি কাজে

                 আমারে ডাকিবে একবার–

কাছে গিয়া বসিব তোমার,

                 মৃদু মৃদু সুমধুর বাণী

                 কব তব কানে কানে রানী।

                 তুমিও কহিবে মৃদু ভাষ,

                 তুমিও হাসিবে মৃদু হাস,  

                 হৃদয়ের মৃদু খেলাখেলি–

                 ফুলেতে ফুলেতে হেলাহেলি।

                 চাও তুমি দুঃখহীন প্রেম

                 ছুটে যেথা ফুলের সুবাস,

                 উঠে যেথা জোছনালহরী,

                 বহে যেথা বসন্তবাতাস।

                 নাহি চাও আত্মহারা প্রেম

                 আছে যেথা অনন্ত পিয়াস,

                 বহে যেথা চোখের সলিল,

                 উঠে যেথা দুখের নিশ্বাস।

                 প্রাণ যেথা কথা ভুলে যায়,  

                 আপনারে ভুলে যায় হিয়া,

                 অচেতন চেতনা যেথায়,

                 চরাচর, ফেলে হারাইয়া।

    এমন কি কেহ নাই, বল্‌ মোরে বল্‌ আশা,

    মার্জনা করিবে মোর অতি–অতি ভালোবাসা!

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago