রবীন্দ্রনাথ ঠাকুর

অনেককালের একটিমাত্র দিন | onekkaler ektimatro din

অনেককালের একটিমাত্র দিন

কেমন করে বাঁধা পড়েছিল

একটা কোনো ছন্দে, কোনো গানে,

কোনো ছবিতে।

কালের দূত তাকে সরিয়ে রেখেছিল

চলাচলের পথের বাইরে।

যুগের ভাসান খেলায়

অনেক কিছু চলে গেল ঘাট পেরিয়ে,

সে কখন ঠেকে গিয়েছিল বাঁকের মুখে

কেউ জানতে পারে নি।

মাঘের বনে

আমের কত বোল ধরল,

কত পড়ল ঝরে;

ফাল্গুনে ফুটল পলাশ,

গাছতলার মাটি দিল ছেয়ে;

চৈত্রের রৌদ্রে আর সর্ষের খেতে

কবির লড়াই লাগল যেন

মাঠে আর আকাশে।

আমার সেই আটকে-পড়া দিনটির গায়ে

কোনো ঋতুর কোনো তুলির

চিহ্ন লাগেনি।

একদা ছিলেম ঐ দিনের মাঝখানেই।

দিনটা ছিল গা ছড়িয়ে

নানা কিছুর মধ্যে;

তারা সমস্তই ঘেঁষে ছিল আশেপাশে সামনে।

তাদের দেখে গেছি সবটাই

কিন্তু চোখে পড়েনি সমস্তটা।

ভালোবেসেছি,

ভালো করে জানিনি

কতখানি বেসেছি।

অনেক গেছে ফেলাছড়া;

আনমনার রসের পেয়ালায়

বাকি ছিল কত।

সেদিনের যে পরিচয় ছিল আমার মনে

আজ দেখি তার চেহারা অন্য ছাঁদের।

কত এলোমেলো, কত যেমন-তেমন

সব গেছে মিলিয়ে।

তার মধ্যে থেকে বেরিয়ে পড়েছে যে

তাকে আজ দূরের পটে দেখছি যেন

সেদিনকার সে নববধূ।

তনু তার দেহলতা,

ধূপছায়া রঙের আঁচলটি

মাথায় উঠেছে খোঁপাটুকু ছাড়িয়ে।

ঠিকমতো সময়টি পাই নি।

তাকে সব কথা বলবার,

অনেক কথা বলা হয়েছে যখন-তখন,

সে-সব বৃথা কথা।

হতে হতে বেলা গেছে চলে।

আজ দেখা দিয়েছে তার মূর্তি,–

স্তব্ধ সে দাঁড়িয়ে আছে

ছায়া-আলোর বেড়ার মধ্যে,

মনে হচ্ছে কী একটা কথা বলবে,

বলা হল না,–

ইচ্ছে করছে ফিরে যাই পাশে,

ফেরার পথ নেই।

– 

soumya

Share
Published by
soumya

Recent Posts

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

16 hours ago

মায়া

দু-বছর আগের কথা বলি। এখনও অল্প-অল্প যেন মনে পড়ে। সব ভুল হয়ে যায়। কী করে…

16 hours ago

মশলা-ভূত

বড়োবাজারের মশলা-পোস্তায় দুপুরের বাজার সবে আরম্ভ হয়েছে। হাজারি বিশ্বাস প্রকাণ্ড ভুঁড়িটি নিয়ে দিব্যি আরামে তার…

16 hours ago

ভৌতিক পালঙ্ক

অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা। বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকাল বেলা বেন্টিঙ্ক স্ট্রিটের বাঁ-দিকের…

16 hours ago

ভূত

কী বাদামই হত শ্রীশ পরামানিকের বাগানে। রাস্তার ধারে বড়ো বাগনটা। অনেক দিনের প্রাচীন গাছপালায় ভরতি।…

16 hours ago

বোমাইবুরুর জঙ্গলে

জঙ্গলের বিভিন্ন অংশে সার্ভে হইতেছিল। কাছারি হইতে তিন ক্রোশ দূরে বোমাইবুরুর জঙ্গলে আমাদের এক আমিন…

16 hours ago