কাশের বনে শূন্য নদীর তীরে

                    আমি তারে জিজ্ঞাসিলাম ডেকে,

               “একলা পথে কে তুমি যাও ধীরে

                   আঁচল-আড়ে প্রদীপখানি ঢেকে।

                      আমার ঘরে হয় নি আলো জ্বালা,

                          দেউটি তব হেথায় রাখো বালা।’

    গোধূলিতে দুটি নয়ন কালো

         ক্ষণেক-তরে আমার মুখে তুলে

    সে কহিল, “ভাসিয়ে দেব আলো,

         দিনের শেষে তাই এসেছি কূলে।’

             চেয়ে দেখি দাঁড়িয়ে কাশের বনে,

                প্রদীপ ভেসে গেল অকারণে।

 

         ভরা সাঁঝে আঁধার হয়ে এলে

            আমি ডেকে জিজ্ঞাসিলাম তারে,

        “তোমার ঘরে সকল আলো জ্বেলে

            এ দীপখানি সঁপিতে যাও কারে।

                 আমার ঘরে হয় নি আলো জ্বালা,

                       দেউটি তব হেথায় রাখো বালা।’

      আমার মুখে দুটি নয়ন কালো

          ক্ষণেক-তরে রইল চেয়ে ভুলে।

    সে কহিল, “আমার এ যে আলো

           আকাশপ্রদীপ শূন্যে দিব তুলে।’

               চেয়ে দেখি শূন্য গগনকোণে

                   প্রদীপখানি জ্বলে অকারণে।

 

           অমাবস্যা আঁধার দুই-পহরে

                জিজ্ঞাসিলাম তাহার কাছে গিয়ে,

           “ওগো, তুমি চলেছ কার তরে

                প্রদীপখানি বুকের কাছে নিয়ে।

                     আমার ঘরে হয় নি আলো জ্বালা,

                           দেউটি তব হেথায় রাখো বালা।’

অন্ধকারে দুটি নয়ন কালো

        ক্ষণেক মোরে দেখলে চেয়ে তবে,

সে কহিল, “এনেছি এই আলো,

        দীপালিতে সাজিয়ে দিতে হবে।’

           চেয়ে দেখি লক্ষ দীপের সনে

                  দীপখানি তার জ্বলে অকারণে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

1 week ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

1 week ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

1 week ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

1 week ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago