ছেড়ে গেলে হে চঞ্চলা,

     হে পুরাতন সহচরী!

ইচ্ছা বটে বছর কতক

     তোমার জন্য বিলাপ করি,

সোনার স্মৃতি গড়িয়ে তোমার

     বসিয়ে রাখি চিত্ততলে,

একলা ঘরে সাজাই তোমায়

     মাল্য গেঁথে অশ্রুজলে–

 

              নিদেন কাঁদি মাসেকখানেক

                   তোমায় চির-আপন জেনেই–

              হায় রে আমার হতভাগ্য!

                   সময় যে নেই, সময় যে নেই।

 

বর্ষে বর্ষে বয়স কাটে,

     বসন্ত যায় কথায় কথায়,

বকুলগুলো দেখতে দেখতে

     ঝ’রে পড়ে যথায় তথায়,

মাসের মধ্যে বারেক এসে

     অস্তে পালায় পূর্ণ-ইন্দু,

শাস্ত্রে শাসায় জীবন শুধু

     পদ্মপত্রে শিশিরবিন্দু–

 

              তাঁদের পানে তাকাব না

                   তোমায় শুধু আপন জেনেই

              সেটা বড়োই বর্বরতা–

                   সময় যে নেই, সময় যে নেই ।

 

এসো আমার শ্রাবণ-নিশি,

     এসো আমার শরৎলক্ষ্ণী,

এসো আমার বসন্তদিন

     লয়ে তোমার পুষ্পপক্ষী,

তুমি এসো, তুমিও এসো,

     তুমি এসো, এবং তুমি,

প্রিয়ে, তোমরা সবাই জান

     ধরণীর নাম মর্তভূমি–

 

              যে যায় চলে বিরাগভরে

                   তারেই শুধু আপন জেনেই

              বিলাপ করে কাটাই, এমন

                   সময় যে নেই, সময় যে নেই।

 

ইচ্ছে করে বসে বসে

     পদ্যে লিখি গৃহকোণায়

“তুমিই আছ জগৎ জুড়ে’–

     সেটা কিন্তু মিথ্যে শোনায়।

ইচ্ছে করে কোনোমতেই

     সান্ত্বনা আর মান্‌ব না রে,

এমন সময় নতুন আঁখি

     তাকায় আমার গৃহদ্বারে–

 

              চক্ষু মুছে দুয়ার খুলি

                   তারেই শুধু আপন জেনেই,

              কখন তবে বিলাপ করি?

                   সময় যে নেই, সময় যে নেই।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago