তোমায় যখন সাজিয়ে দিলেম দেহ,

          করেছ সন্দেহ

     সত্য আমার দিই নি তাহার সাথে।

          তাই কেবলি বাজে আমার দিনে রাতে

                   সেই সুতীব্র ব্যথা–

          এমন দৈন্য, এমন কৃপণতা,

যৌবন-ঐশ্বর্যে আমার এমন অসম্মান।

     সে লাঞ্ছনা নিয়ে আমি পাই নে কোথাও স্থান

          এই বসন্তে ফুলের নিমন্ত্রণে।

               ধেয়ান-মগ্ন ক্ষণে

নৃত্যহারা শান্ত নদী সুপ্ত তটের অরণ্যচ্ছায়ায়

          অবসন্ন পল্লীচেতনায়

     মেশায় যখন স্বপ্নে-বলা মৃদু ভাষার ধারা–

               প্রথম রাতের তারা

          অবাক চেয়ে থাকে,

          অন্ধকারের পারে যেন কানাকানির মানুষ পেল কাকে,

     হৃদয় তখন বিশ্বলোকের অনন্ত নিভৃতে

          দোসর নিয়ে চায় যে প্রবেশিতে–

               কে দেয় দুয়ার রুধে,

     একলা ঘরের স্তব্ধ কোণে থাকি নয়ন মুদে।

           কী সংশয়ে কেন তুমি এলে কাঙাল বেশে।

               সময় হলে রাজার মতো এসে

  জানিয়ে কেন দাও নি আমায় প্রবল তোমার দাবি।

          ভেঙে যদি ফেলতে ঘরের চাবি

     ধুলার ‘পরে মাথা আমার দিতেম লুটায়ে,

               গর্ব আমার অর্ঘ্য হত পায়ে।

          দুঃখের সংঘাতে আজি সুধার পাত্র উঠেছে এই ভ’রে,

               তোমার পানে উদ্দেশেতে ঊর্ধ্বে আছি ধ’রে

                        চরম আত্মদান।

                    তোমার অভিমান

          আঁধার ক’রে আছে আমার সমস্ত জগৎ,

                   পাই নে খুঁজে সার্থকতার পথ।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

1 week ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

1 week ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

1 week ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

1 week ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

1 week ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago