এককালে এই অজয়নদী ছিল যখন জেগে

                   স্রোতের প্রবল বেগে

            পাহাড় থেকে আনত সদাই ঢালি

       আপন জোরের গর্ব ক’রে চিকন-চিকন বালি।

  অচল বোঝা বাড়িয়ে দিয়ে যখন ক্রমে ক্রমে

              জোর গেল তার কমে,

নদীর আপন আসন বালি নিল হরণ করে,

     নদী গেল পিছনপানে সরে;

                 অনুচরের মতো

     রইল তখন আপন বালির নিত্য-অনুগত।

কেবল যখন বর্ষা নামে ঘোলা জলের পাকে

                 বালির প্রতাপ ঢাকে।

পূর্বযুগের আক্ষেপে তার ক্ষোভের মাতন আসে,

বাঁধনহারা ঈর্ষা ছোটে সবার সর্বনাশে।

আকাশেতে গুরুগুরু মেঘের ওঠে ডাক,

বুকের মধ্যে ঘুরে ওঠে হাজার ঘূর্ণিপাক।

তারপরে আশ্বিনের দিনে শুভ্রতার উৎসবে

সুর আপনার পায় না খুঁজে শুভ্র আলোর স্তবে।

দূরের তীরে কাশের দোলা, শিউলি ফুটে দূরে,

শুষ্ক বুকে শরৎ নামে বালিতে রোদ্‌দুরে।

চাঁদের কিরণ পড়ে যেথায় একটু আছে জল

যেন বন্ধ্যা কোন্‌ বিধবার লুটানো অঞ্চল।

নিঃস্ব দিনের লজ্জা সদাই বহন করতে হয়,

আপনাকে হায় হারিয়ে-ফেলা অকীর্তি অজয়।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago