কেউ যে কারে চিনি নাকো

            সেটা মস্ত বাঁচন।

তা না হলে নাচিয়ে দিত

            বিষম তুর্কি-নাচন।

বুকের মধ্যে মনটা থাকে,

            মনের মধ্যে চিন্তা–

সেইখানেতেই নিজের ডিমে

            সদাই তিনি দিন তা।

বাইরে যা পাই সম্‌জে নেব

            তারি আইন-কানুন,

অন্তরেতে যা আছে তা

            অন্তর্যামীই জানুন।

 

                    চাই নে রে, মন চাই নে।

             মুখের মধ্যে যেটুকু পাই

             যে হাসি আর যে কথাটাই

             যে কলা আর যে ছলনাই

                    তাই নে রে মন, তাই নে।

 

বাইরে থাকুক মধুর মূর্তি,

            সুধামুখের হাস্য,

তরল চোখে সরল দৃষ্টি–

            করব না তার ভাষ্য।

বাহু যদি তেমন করে

            জড়ায় বাহুবন্ধ

আমি দুটি চক্ষু মুদে

            রইব হয়ে অন্ধ–

কে যাবে ভাই, মনের মধ্যে

            মনের কথা ধরতে?

কীটের খোঁজে কে দেবে হাত

            কেউটে সাপের গর্তে?

 

                 চাই নে রে, মন চাই নে।

          মুখের মধ্যে যেটুকু পাই

          যে হাসি আর যে কথাটাই

          যে কলা আর যে ছলনাই

                 তাই নে রে মন, তাই নে।

 

মন নিয়ে কেউ বাঁচে নাকো,

            মন বলে যা পায় রে

কোনো জন্মে মন সেটা নয়

            জানে না কেউ হায় রে।

ওটা কেবল কথার কথা,

            মন কি কেহ চিনিস?

আছে কারো আপন হাতে

            মন ব’লে এক জিনিস?

চলেন তিনি গোপন চালে,

            স্বাধীন তাঁহার ইচ্ছে–

কেই বা তাঁরে দিচ্ছে এবং

            কেই বা তাঁরে নিচ্ছে!

 

                 চাই নে রে, মন চাই নে।

          মুখের মধ্যে যেটুকু পাই

          যে হাসি আর যে কথাটাই

          যে কলা আর যে ছলনাই

                 তাই নে রে মন, তাই নে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago