শুন রে আজব কথা, শুন বলি ভাইরে- বছরের আয়ু দেখ বেশিদিন নাই রে । ফেলে দিয়ে পুরাতন জীর্ণ এ খোলসে নূতন বরষ আসে, কোথা হতে বল সে ! কবে যে দিয়েছে চাবি জগতের যন্ত্রে, সেই দমে আজও চলে না জানি কি মন্ত্রে ! পাকে পাকে দিনরাত ফিরে আসে বার বার, ফিরে আসে মাস ঋতু- এ কেমন কারবার । কোথা আসে কোথা যায় নাহি কোন উদ্দেশ, হেসে খেলে ভেসে যায় কত দূর দূর দেশ । রবি যায় শশী যায় গ্রহ তারা সব যায়, বিনা কাঁটা কম্পাসে বিনা কল কব্জায় । ঘুরপাকে ঘুরে চলে, চলে কত ছন্দে, তালে তালে হেলে দুলে চলে রে আনন্দে ।